চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার তেল জব্দ

দামুড়হুদায় তেল জব্দের অভিযোগে ইউপি সদস্যকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Damurhuda
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ইউপি সদস্য শাহিনুর ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ইউপি সদস্য শাহিনুর ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার অভিযোগে এক ইউপি সদস্য মো: শাহিনুর ইসলামের বাড়িতে থেকে এক হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ অভিযোগে তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে বাজার অস্থির করার অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল। অবশেষে গোপন গুদামের খবর মিলতেই নড়ে বসে প্রশাসন। অভিযানেই বেরিয়ে আসে মজুতের পুরো চিত্র। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ইউপি সদস্য শাহিনুর ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত কিছু ব্যক্তি মোবাইল কোর্টের কার্যক্রমে বাধা দেয়ার পাশাপাশি আক্রমণের চেষ্টাও করে। প্রশাসন জানিয়েছে, তাদের শনাক্ত করে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের সুযোগ আর দেয়া হবে না। যারা সঙ্কট তৈরি করে ফায়দা লুটতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।