দেশের পাঁচ অঞ্চলে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (১৯ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত এসব এলাকায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে নির্দেশ দেয়া হয়েছে।
অন্যদিকে সোমবার রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইসাথে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।



