রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ ঝোড়ো আবহাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সময়ে বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এছাড়া দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
গতকাল সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৪ মিনিটে।



