২ জেলায় বন্যার অবনতির শঙ্কা, ৩ জেলা ঝুঁকিতে

গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি-ভারী থেকে ভারী এবং অভ্যন্তরে হাওর অববাহিকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। আগামী তিনদিন ভারী থেকে অভিভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দুই জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং আরো তিন জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে।

একটি বিবৃতিতে তারা জানায়, নেত্রকোনা জেলার ভূগাই-কংস নদী জারিয়াজাঞ্জইল পয়েন্টে, সোমেশ্বরী নদী কমলাকান্দা পয়েন্টে, মগরা নদী নেত্রকোনা পয়েন্টে এবং মৌলভীবাজার জেলার মনু নদী মৌলভীবাজার পয়েন্টে প্রাক-মৌসুমী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি-ভারী থেকে ভারী এবং অভ্যন্তরে হাওর অববাহিকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। আগামী তিনদিন ভারী থেকে অভিভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

বন্যার পূর্বাভাসে বলা হয়েছে, নেত্রকোনা ও মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। দুই জেলারই হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

এ ছাড়া হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।