বৃষ্টি হবে কবে?

রাজশাহী ও রংপুর বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

নয়া দিগন্ত অনলাইন
বৃষ্টি
বৃষ্টি |ইন্টারনেট

টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর সারাদেশে বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়া অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার সারাদেশের সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বিদ্যুৎ চমকানোরও সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

পূর্বাভাসে বলা আরো হয়েছে, গোপলগঞ্জ, পটুয়াখালী ও কক্সবাজার জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু এলাকায় এটি প্রশমিত হতে পারে।

এছাড়া রাজধানী ঢাকাসহ পাশ্ববর্তী এলাকার সকাল ৭টা থেকে পরের ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকার আকাশ এ সময়ে আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। পাশাপাশি পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে, গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র : ইউএনবি