ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কুরাসাও

জ্যামাইকার বিপক্ষে কিংস্টনে শেষ ম্যাচে গোলশূন্য ড্র করেই কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থান নিশ্চিত করে কুরাসাও। নামের সাথে যোগ হয় বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট দেশের রেকর্ড।

নয়া দিগন্ত অনলাইন
কুরাসাও ফুটবল দল
কুরাসাও ফুটবল দল |ইন্টারনেট

ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দ্বীপদেশ কুরাসাও। মাত্র দেড় লাখ মানুষের বাস সেখানে। অথচ বিশ্বকাপ উন্মাদনায় মেতে আছে দেশটি। ইতিহাস গড়ে কুরাসাও প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বিশ্বকাপে।

জ্যামাইকার বিপক্ষে কিংস্টনে শেষ ম্যাচে গোলশূন্য ড্র করেই কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থান নিশ্চিত করে কুরাসাও। নামের সাথে যোগ হয় বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট দেশের রেকর্ড।

মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার দেশটির আয়তন মাত্র ১৭১ বর্গমাইল। তবে ছোট্ট এ দেশটি প্রমাণ করেছে যে- সঠিক পরিকল্পনা, অভিজ্ঞ কোচ ও প্রতিভাবান ফুটবলার থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।

অথচ খুব বেশি দিন আগের কথা নয়- ২০১৭ সালে প্রথমবারের মতো কনকাকাফ গোল্ডকাপে জায়গা করে নেয় কুরাসাও। ক্যারিবিয়ান কাপের ফাইনালে জামাইকাকে ২-১ গোলে হারিয়ে সেই ইতিহাস গড়েছিল তারা।

এরপর ধীরে ধীরে নিজেদের শক্তি বাড়াতে থাকে ‘ব্লু ওয়েভ’রা। ২০১৯ গোল্ডকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা ও কাতার ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে শেষ ধাপে পৌঁছে যাওয়া ছিল তাদের বড় অর্জন।

যদিও সেবার পানামার কাছে ২-১ অ্যাগ্রিগেটে হেরে স্বপ্নভঙ্গ হয়। তবে এবার আর থামেনি কুরাসাও। তাদের এই স্বপ্নযাত্রায় বড় ভূমিকা রাখেন অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকেট।

৭৮ বছর বয়সী এই কোচ এর আগে নেদারল্যান্ডসকে ১৯৯৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। এছাড়া ২০০৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার কোচও ছিলেন তিনি।

তার অধীনেই দুর্দান্ত বাছাইপর্ব কাটায় কুরাসাও। মোট ১০টি ম্যাচ খেলে ২৮টি গোল করে দলটি, যা কনকাকাফ অঞ্চলে সর্বোচ্চ। এই সময়ে তারা হজম করে মাত্র ৩টি গোল।

তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়েন অ্যাডভোকেট। তার জায়গায় কোচ হয়ে আসেন ফ্রেড রুটেন। কিন্তু মাত্র দুই ম্যাচ পর অজানা কারণে তিনিও দায়িত্ব ছাড়েন।

শেষ পর্যন্ত বিশ্বকাপের এক মাস আগে আবারো দায়িত্বে ফেরেন ডিক অ্যাডভোকেট। ফলে তিনিই এখন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হওয়ার পথে।

অবশ্য বিশ্বকাপের গ্রুপ পর্বে কুরাসাওয়ের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাদের প্রতিপক্ষ জার্মানি, ইকুয়েডর ও আইভরি কোস্ট।

আগামী ১৪ জুন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করবে কুরাসাও।