বিশ্বকাপ মিশনে যাওয়া কোনো দেশের যাত্রা শুরু হয় ‘ওয়াটার স্যালুট’ দিয়ে, কারওবা গাড়ি শোডাউন দিয়ে। তবে একদমই ভিন্নভাবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর যাত্রা শুরু করেছে ইরান। পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছেন দেশটির ফুটবলাররা।
ইরানি ফুটবলারদের কোরআন ছুঁয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিশ্বকাপগামী বিমানে ওঠার আগে ফুটবলাররা সারিবদ্ধভাবে কোরআন শরিফে চুমু খাচ্ছেন। এ সময় আশপাশে ইরানি পতাকা নিয়ে উচ্ছ্বাস করতে দেখা যায় ভক্ত-সমর্থককে। এরপর ফুটবলাররা টিম বাসে করে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।
এদিকে মাঠের লড়াই শুরুর আগেই রাজনৈতিক জটিলতায় পড়েছে ইরান। দুই শীর্ষ কর্মকর্তাসহ দেশটির ১৪ জন ম্যানেজার ও প্রশাসনিক স্টাফের ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। ভিসা বঞ্চিতদের তালিকায় আছেন ইরান ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হেদায়াত মোমবেইনি এবং ভাইস প্রেসিডেন্ট মেহেদি মোহাম্মদ নবিসহ ১৪ কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বৈষম্যের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে ইরান। বিষয়টি নিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার দ্বারস্থ হওয়ার ঘোষণাও দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
ভিসা জটিলতার কারণে শেষ মুহূর্তে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পও বদল করতে বাধ্য হয়েছে ইরান। প্রথমে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ক্যাম্প করার কথা থাকলেও এখন তারা মেক্সিকোর টিজুয়ানাতে বিশ্বকাপের প্রস্তুতি সারছে। গত শনিবারই ইরানের পুরো দল তুরস্কের আনতালিয়া থেকে চার্টার্ড ফ্লাইটে সরাসরি মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দিয়েছে।
রাজনৈতিক জটিলতা ও দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির মাঝেই আগামী ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। 'জে' গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিসর।



