ফুটবলের মাধ্যমে বিশ্ব বাংলাদেশকে চিনবে : তাবিথ আউয়াল

বাংলাদেশের ফুটবলকে ছড়িয়ে দিতে আমাদের বড় পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী চতুর্থ শ্রেণী থেকে যে চারটি খেলা বাধ্যতামূলক থাকবে তার মধ্যে একটি হলো ফুটবল।

নয়া দিগন্ত অনলাইন
অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল
অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল |বাসস

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ফুটবল খেলার মাধ্যমে বিশ্ববাসী বাংলাদেশকে চিনবে।

আজ বুধবার দুপুরে নরসিংদীর রায়পুরার নয়াচর সিরাজনগর উম্মুলকুরা মাদরাসায় অরফান লাভ ফাউন্ডেশন আয়োজিত এতিম শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তাবিথ আউয়াল বলেন, বাংলাদেশের ফুটবলকে ছড়িয়ে দিতে আমাদের বড় পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী চতুর্থ শ্রেণী থেকে যে চারটি খেলা বাধ্যতামূলক থাকবে তার মধ্যে একটি হলো ফুটবল। শুধু দুর্যোগ-দুর্ঘটনা কিংবা গার্মেন্ট শিল্পের জন্য নয়, আগামীতে ফুটবল খেলার মাধ্যমে বিশ্ববাসী বাংলাদেশকে চিনবে।

তিনি বলেন, ইতোমধ্যেই আর্জেন্টিনাতে সবচেয়ে বড় দর্শক বেইস হলো বাংলাদেশের। এভাবে ফুটবলকেই দেশের দূত হিসেবে ব্যবহার করতে চাই। দ্রুত সময়ের মধ্যেই কোচের সাথে চুক্তি হবে, ক্যাম্প শুরুর আগেই কোচ আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাফুফে সভাপতি।