ব্রাজিলকে হটিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোল করা দল জার্মানি

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

চলতি বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে জার্মানি। কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। শুধু বড় জয়ই পায়নি, বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোল করা দলের তালিকায় শীর্ষে উঠে এসেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই ম্যাচের আগে বিশ্বকাপে জার্মানির মোট গোল ছিল ১১৩ ম্যাচে ২৩২টি। কুরাসাওয়ের জালে সাতবার বল পাঠানোর পর সেই সংখ্যা এখন ২৩৯। ফলে দীর্ঘদিন ব্রাজিলের দখলে থাকা রেকর্ডটি নিজেদের করে নিয়েছে ইউরোপের দলটি।

বিশ্বকাপে ব্রাজিলের গোলসংখ্যা বর্তমানে ১১৫ ম্যাচে ২৩৮। অর্থাৎ মাত্র ১ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে জার্মানি। ফলে বিশ্বকাপের সামনের ম্যাচগুলোতে দু’দলের মাঝে সর্বোচ্চ গোলের রেকর্ড নিয়ে লড়াই চলবে নিশ্চিতভাবেই।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ফলে নকআউট পর্বের পথে এগোতে হলে তাদের সামনে গোলসংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দেশগুলোর তালিকায় জার্মানি ও ব্রাজিলের পর রয়েছে আর্জেন্টিনা, যাদের সংগ্রহ ৮৮ ম্যাচে ১৫২ গোল। এরপর রয়েছে ফ্রান্স (১৩৬), ইতালি (১২৮) ও স্পেন (১০৮)।

কুরাসাওয়ের বিপক্ষে দাপুটে জয়ের পর জার্মানির আত্মবিশ্বাস এখন তুঙ্গে। গত দুই বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থান গড়ে তোলার লক্ষ্য তাদের।

গ্রুপ পর্বে জার্মানির পরবর্তী ম্যাচ ২১ জুন আইভরি কোস্টের বিপক্ষে।