নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

নাম প্রকাশের আগে আনচেলত্তি বলেন, ‘এই ২৬ জন খেলোয়াড়কে বেছে নেয়া অত্যন্ত কঠিন ছিল, কারণ এই দেশে প্রতিযোগিতা অনেক বেশি।’

নয়া দিগন্ত অনলাইন
নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র
নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র |সংগৃহীত

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান। সব অনিশ্চয়তা হয়েছে দূর। নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল। আড়াই বছরের বেশি সময় পর জাতীয় দলে ডাক পেলেন এই তারকা ফরোয়ার্ড।

সোমবার (১৮ মে) গভীর রাতে বিশ্বকাপ দল প্রকাশ করেছে ব্রাজিল। ২৬ সদস্যের দল ঘোষণা করেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। হেক্সা জয়ের মিশনে দলটার স্বপ্নসারথি নেইমারও।

নেইমার দলে আছেন কি না, তা জানতে অপেক্ষা যেন শেষ হচ্ছিলো না। প্রায় এক ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শুরু হয় ঘোষণা।

নাম প্রকাশের আগে আনচেলত্তি বলেন, ‘এই ২৬ জন খেলোয়াড়কে বেছে নেয়া অত্যন্ত কঠিন ছিল, কারণ এই দেশে প্রতিযোগিতা অনেক বেশি।’

তিনি বলেন ‘আমি প্রথম সংবাদ সম্মেলনেই বলেছিলাম যে এখানে প্রচুর প্রতিযোগিতা রয়েছে, এবং সেটাই সত্যি। আমি খুব ভালো করেই জানি যে আমাদের সাথে থাকা কিছু খেলোয়াড় এই তালিকাটি দেখে খুশি হবেন না।’

তিনি আরো বলেন ‘আমি তার জন্য সত্যিই দুঃখিত। যারা আমাদের সাথে ছিলেন ও যারা থাকতে পারেননি, অথচ এই তালিকায় জায়গা করে নেয়ার জন্য দুর্দান্ত চেষ্টা করেছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

প্রাথমিক বক্তব্যের পর আনচেলত্তি দল ঘোষণা শুরু করেন। আলিসন বেকারের নাম ঘোষণার মধ্য দিয়ে নাম প্রকাশ শুরু হয়। তবে সেই কাঙ্খিত নামের জন্য অপেক্ষা বাড়ছিল। অবশেষে নেইমারের নাম আসতেই গোটা হলরুম করতালিতে মুখোর হয়ে ওঠে।

বুঝাই যাচ্ছিল কেবল নেইমার নয়, তাকে দলে পেতে পুরা ব্রাজিলই যেন অপেক্ষায় ছিল। ২০২৩ সালের অক্টোবরে শেষবার জাতীয় দলে খেলা সেলেসাওদের রেকর্ড গোলস্কোরারের প্রত্যাবর্তন হতে যাচ্ছে বিশ্বকাপ দিয়েই।

বাকিদের মধ্যে আছেন ভিনিসিউস জুনিয়র, রাফিনিয়া, কাসিমেরোরা।

ব্রাজিল দল

গোলকিপার : আলিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন।

ডিফেন্ডার : আলেক্সা সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেস, লিও পেরেইরা, মার্কিনিওস, ওয়েসলি।

মিডফিল্ডার : ব্রুনো গুইমারেস, কাসিমিরো, দানিলো, ফাবিনহো, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড : এন্দ্রিক, গাব্রিয়েল মার্তিনেলি, ইগোর থিয়াগো, লুইস এনরিকে, মাথিয়েউস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান, ভিনিসিউস জুনিয়র।