শিরোপা ধরে রাখার মিশন শুরুর আগে নিজেদের সামর্থ্যের জানান দিলো আলবেসিলেস্তেরা। বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে হারিয়েছে আর্জেন্টিনা।
টেক্সাসের কাইল ফিল্ডে বাংলাদেশ সময় রোববার সকালে শুরু হওয়া ম্যাচে ২-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল।
গোল করেছেন লাউতারো মার্তিনেস ও জুলিয়ানো সিমিওনে।
চোটের কারণে শঙ্কায় থাকা মেসিকে এই ম্যাচে দেখা যায়নি। তবে তার অভাব বুঝতে দেননি সতীর্থরা। ম্যাচের শুরু থেকেই দাপটের সাথেই খেলতে থাকে লিওনেল স্কালোনির শিষ্যরা।
৩৩ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শট নেন লো সেলসো। কিন্তু সেটি ফিরে আসে ক্রসবারে লেগে। তবে সেই হতাশা আর্জেন্টিনা ভুলে যায় ৩ মিনিট পরই। গোল আসে পেনাল্টি থেকে।
নিকোলাস তালিয়াফিকোকে বক্সে ফেলে দিয়ে ফাউল করেন হন্ডুরাসের ক্রিস্টোফার মেলেন্দেজ। পেনাল্টি পেয়ে গোল করতে মোটেও ভুল করেননি লাউতারো মার্তিনেজ। এগিয়ে যায় আর্জেন্টিনা।
৪৩তম মিনিটে লো সেলসোর শট ঠেকিয়ে ব্যবধান ধরে রাখেন মেনহিভার। ২ মিনিট পর খুব কাছ থেকে সিমেওনের শটও ব্যর্থ করে দেন তিনি। সব মিলিয়ে আর্জেন্টিনাকে একাই ঠেকিয়ে রাখেন হন্ডুরাস গোলরক্ষক।
৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিমিওনে। মার্তিনেসের দারুণ ব্যাকহিলে বল পেয়ে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন আতলেতিকো মাদ্রিদ মিডফিল্ডার। দেশের হয়ে এটি তার দ্বিতীয় গোল।
এরপর আর্জেন্টিনা আরো কয়েকবার চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি। ২ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। মাঠে আর্জেন্টিনা ৭২ শতাংশ বল রেখে শট নেয় ১৭টি, যার ৯টিই ছিল আবার লক্ষ্যে।
আগামী বুধবার বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের শিরোপা ধরে রাখার অভিযান।



