ফাইনালের মঞ্চে মেসি : ট্রফির হাসির চেয়ে অশ্রুই বেশি

কিন্তু আর্জেন্টিনার আক্রমণভাগ স্পেনের সুসংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি। ফলে গোল বা অ্যাসিস্ট—কোনোটিই যোগ হয়নি তার নামের পাশে। তাই ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ফাইনালও রয়ে গেল অপূর্ণতার গল্প হয়ে।

নয়া দিগন্ত অনলাইন

ফাইনাল—একজন ফুটবলারের নিজেকে মেলে ধরার সবচেয়ে বড় মঞ্চ। লিওনেল মেসিও বারবার উঠেছেন সেই মঞ্চে। কখনো ট্রফি উঁচিয়ে ধরেছেন, কখনো মাথা নিচু করে রানার্সআপের মেডেল গলায় ঝুলিয়েছেন।

সংখ্যার হিসাব বলছে, আন্তর্জাতিক ফুটবলের বড় ফাইনালে জয়ের চেয়ে হারই বেশি দেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু সেই সংখ্যাই কি পুরো গল্পটা বলে?

কোপা আমেরিকার পাঁচটি ফাইনাল খেলেছেন মেসি। শিরোপা জিতেছেন দুটি, হারতে হয়েছে তিনবার। বিশ্বকাপে খেলেছেন তিনটি ফাইনাল। ২০২২ সালে স্বপ্নপূরণ হলেও বাকি দু’বার ফিরতে হয়েছে শূন্য হাতে।

সব মিলিয়ে আটটি বড় আন্তর্জাতিক ফাইনালে তার শিরোপা তিনটি, পরাজয় পাঁচটি। পরিসংখ্যান বলছে, এই আট ফাইনালে মেসির গোল মাত্র দুটি, কোনো অ্যাসিস্ট নেই।

দুটি গোলই এসেছে বিশ্বকাপের ফাইনালে। এর একটি ছিল পেনাল্টি থেকে, অন্যটি ওপেন প্লে থেকে। অর্থাৎ পরিসংখ্যান বলছে- ফাইনালে নিজেকে কখনোই তেমন একটা মেলে ধরতে পারেননি।

শুধু সংখ্যা দেখলে হয়তো মনে হতে পারে, ফাইনালের মঞ্চে মেসি নিজের সেরাটা দিতে পারেননি। প্রশ্ন হতে পারে ফুটবল কি শুধু গোল আর অ্যাসিস্টের খেলা? তা না হলেও মেসির কাছে তো এমন কিছুই আশা করে সবাই।

গতরাতে স্পেনের বিপক্ষে পুরো ম্যাচজুড়ে বলের দখল, আক্রমণ তৈরি ও ম্যাচের গতি নিয়ন্ত্রণে আধিপত্য দেখানো প্রতিপক্ষের বিপক্ষে শেষ পর্যন্ত অসহায়ই থেকে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচজুড়ে মেসি বেশ কয়েকবার নিচে নেমে বল সংগ্রহ করে আক্রমণ গড়ার চেষ্টা করেছেন। মাঝমাঠ ও আক্রমণের মাঝে সংযোগ তৈরির দায়িত্বও কাঁধে তুলে নেন তিনি। তবে স্পেনের ফাঁদ ভেঙে বের হতে পারেননি।

রদ্রি, ফাবিয়ান রুইজ ও রক্ষণভাগের নিবিড় মার্কিংয়ে বারবার আটকে যান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। যে কয়েকবার বল পেয়েছেন, সেগুলো থেকেও সতীর্থদের জন্য সুযোগ তৈরি করার চেষ্টা করেছেন।

কিন্তু আর্জেন্টিনার আক্রমণভাগ স্পেনের সুসংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি। ফলে গোল বা অ্যাসিস্ট—কোনোটিই যোগ হয়নি তার নামের পাশে। তাই ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ফাইনালও রয়ে গেল অপূর্ণতার গল্প হয়ে।

তবে এটি এমন এক ফুটবলারের গল্প, যাকে শুধু জয়-পরাজয়ের অঙ্কে মাপা যায় না। সংখ্যায় কিংবা পরিসংখ্যানে তাকে তুলনা করা যায় না। কারণ মেসি মানেই তো ফুটবলের পূর্ণতা। যেখানে কোনো গল্পের অভাব নেই।