বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল উৎসব

ম্যাচের শুরুতেই ফ্রান্সের জালে বল জড়াতে সক্ষম হয় ব্রিটিশরা। ৩ মিনিটেই প্রথম গোলটি করেন ডিক্লান রাইস। ১৮ মিনিটে আসে দ্বিতীয় গোল।

নয়া দিগন্ত অনলাইন
ইংল্যান্ডের বুকাইও সাকা একাই করেন তিনটি গোল
ইংল্যান্ডের বুকাইও সাকা একাই করেন তিনটি গোল |রয়টার্স

ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল উৎসব হয়েছে। দুই পক্ষ মিলে দিয়েছে ১০টি গোল। অবশ্য আরো একটি গোল বাতিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হয় ইউরোপের দু’টি দল- ইংল্যান্ড ও ফ্রান্স।

ম্যাচের শুরুতেই ফ্রান্সের জালে বল জড়াতে সক্ষম হয় ব্রিটিশরা। ৩ মিনিটেই প্রথম গোলটি করেন ডিক্লান রাইস। ১৮ মিনিটে আসে দ্বিতীয় গোল। এটি করেন এজরি কনসা। এরপর ৩৭ ও ৪৬ মিনিটে একাই দু’টি গোল করেন বুকাইও সাকা।

ম্যাচের ১২তম মিনিটে সাকা আরেকটি গোল করলেও সেটি পরে অফসাইটের জন্য বাতিল হয়।

ডিক্লান রাইসের গোলটি ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় দ্রুততম গোল। এর আগের রেকর্ডটি ছিল ইউরো ২০২০ ফাইনালে ইতালির বিপক্ষে। ম্যাচ শুরুর দুই মিনিটেই গোলটি করেছিলেন লুক শ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিশোধ নিতে থাকে ফ্রান্স। একে একে তারা তিনটি গোল পরিশোধ করে। পরে ইংল্যান্ড আরো একটি গোল দেয়। এছাড়া ম্যাচের একেবারে শেষের দিকে উভয় দল একটি করে গোল করে। ফলে ম্যাচে মোট গোল সংখ্যা দাঁড়ায় ১০-এ।

ফ্রান্সের হয়ে ৪টি গোলের মধ্যে ২টি করেন কিলিয়ান এমবাপ্পে, ১টি উসমান দেম্বেলে (৯৬ মিনিটে) এবং অপরটি করেন ব্রাডলি বারকোলা (৫৪ মিনিটে)।

ইংল্যান্ডের সাকা দ্বিতীয়ার্ধে (৮৭ মিনিটে) আরো একটি গোল করেন। এ নিয়ে তার গোল দাঁড়ায় ৩-এ। এছাড়া অপর গোলটি করেন জুড বেলিংহাম (৯৮ মিনিটে)।