আল নাসেরে যোগ দেয়ার পর শিরোপার স্বাদ প্রায় ভুলতে বসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। খুব কাছে গিয়েও বারবার হতাশ হতে হয় তাকে। তবে এবারের গল্পটা ভিন্ন, হাসিমুখেই মাঠ ছেড়েছেন সিআর সেভেন।
বৃহস্পতিবার (২১ মে) আল-আওয়াল পার্কে সৌদি প্রো লিগের শেষ রাউন্ডে ৪-১ গোলে জিতেছে স্বাগতিকরা। শিরোপা নির্ধারণী ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। আল নাসের জিতেছে তাদের ১১তম লিগ শিরোপা।
তবে ২০১৮-১৯ মৌসুমের পর প্রথমবারের মতো এই লিগ শিরোপা ঘরে তুললো আল নাসের। ২০২৩ সালে সৌদি প্রো লিগে যোগ দেয়ার পর এটাই প্রথম শিরোপা রোনালদোর।
আল নাসর ম্যাচে প্রথমবার এগিয়ে যায় ৩৩ মিনিটে সাদিও মানের গোলে। কর্নার থেকে আসা বল ফাঁকায় দাঁড়িয়ে জালে পাঠান তিনি। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নাসের। ৫২ মিনিটে ডান দিক থেকে ভেতরে ঢুকে গোল করে ব্যবধান বাড়ান কিংসলে কোম্যান। তবে ছয় মিনিট পর পেনাল্টি পেয়ে সফল স্পট কিকে ব্যবধান কমান মোরলায়ে। স্কোর হয় ২-১।
যদিও তাদের সেই একটু স্বস্তিও বেশিক্ষণ থাকেনি। শুরু হয় রোনালদো শো। ৬৩তম মিনিটে ডি-বক্সের বাঁদিক থেকে সরাসরি ফ্রি কিকে দূরের পোস্ট ঘেঁষে বল জালে পাঠান তিনি। আর ৮১তম মিনিটে প্রতিপক্ষের দুর্বলতায় ছয় গজ বক্সের ডান দিকে বল পেয়েই বুলেট গতির শটে জয়টা একরকম নিশ্চিত করে ফেলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ৪-১ গোলে এগিয়ে যায় নাসের।
হাজার গোলের পানে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোল হলো এখন ৯৭৩টি। আর এবারের লিগে পর্তুগিজ তারকার গোল হলো ২৮টি।
শেষ দিকে একসাথে রোনালদো ও মানেকে তুলে নেন কোচ। তবে এতে খেলায় কোনো প্রভাব পড়েনি। ব্যবধান ধরে রেখে জিতে যায় আল নাসের।



