এমবাপ্পের গোল, ব্রাজিলের বিপক্ষে জয় ফ্রান্সের

কিলিয়ান এমবাপ্পের গোলে ফ্রান্স ২-১ ব্যবধানে হারিয়েছেকে। ফিনিশিং ব্যর্থতায় ভুগে ম্যাচে ভালো খেলেও হার এড়াতে পারেনি ব্রাজিল।

নয়া দিগন্ত অনলাইন

বিশ্বকাপের আগে বড় হোচট খেল ব্রাজিল। ১০ জনের ফ্রান্সের সাথেও পেরে উঠেনি তারা। নেইমারের অভাব যেন ভালো করেই ফুটে উঠেছে, ফিনিশিংয়ের ব্যর্থতায় ভুগতে হয়েছে বেশ।

বিপরীতে কিলিয়ান এমবাপ্পে ও উগো একিটিকের গোলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ল ফ্রান্স। আন্তর্জাতিক প্রীতি ম‍্যাচে বৃহস্পতিবার ২-১ গোলে জিতেছে দিদিয়ে দেশমের দল।

বিশ্বকাপের শহর বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে এমবাপ্পে-ডেম্বেলেদের শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে শুরুটা ভালোই করে ব্রাজিল। প্রথম ৩০ মিনিটে আক্রমণে বেশ এগিয়ে ছিল আনচেলত্তির দল।

কিন্তু রাফিনিয়া আর মার্তিনেলিদের ফিনিশিং ব্যর্থতায় গোল পায়নি ব্রাজিল। পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন তারা। বিপরীতে ৩২তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফ্রান্স।

মাঝ মাঠে অহেলিয়া চুয়ামেনি বল কেড়ে নিলে পান উসমান দেম্বেলে। তার নিখুঁত রক্ষণচেরা পাস পেয়ে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে চমৎকার চিপ শটে জাল খুঁজে নেন এমবাপ্পে।

ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবলে এটি রিয়াল মাদ্রিদ তারকার ৫৬তম গোল। ৫৭ গোল নিয়ে চূড়ায় তার এক সময়ের সতীর্থ অলিভিয়ে জিরু। এদিকে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে দারুণ আক্রমণ শুরু করে ব্রাজিল। প্রথম পাঁচ মিনিটে পায় বেশ কয়েকটি সুযোগ। কিন্তু একটিও কাজে লাগাতে পারেনি পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা।

ব্রাজিলের প্রবল আক্রমণের মধ‍্যেই ৫৫তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স। ডিফেন্ডার ওয়েজলিকে বাজেভাবে ফাউল করেন দায়ত উপেমেকানো। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তার।

প্রতিপক্ষের একজন কম থাকার সুবিধা নিতে পারেনি ব্রাজিল। বরং ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে ফ্রান্স। মাইকেল ওলিসের থ্রু পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন একিটিকে। স্কোর হয় ২-০।

তবে ৭৮তম মিনিটে এসে গোলখরা কাটে ব্রাজিলের, ব্যবধান কমায় তারা। ফ্রি-কিক থেকে তৈরি আক্রমণে জালে পাঠান ব্রেমার। ব্রাজিলের জার্সিতে এটিই ছিল তার প্রথম গোল।

গোলের দেখা পাওয়ার পর আক্রমণে আরো গতি বাড়ে ব্রাজলের। শেষদিকে একের পর এক আক্রমণে ফ্রান্সকে চাপে রাখে দলটা, কিন্তু সমতায় ফিরতে পারেনি। ফিনিশিংয়ের ব্যর্থতা বারবার হতাশ করে।

ম্যাচের শেষ মুহূর্তে ব্রেমারের শটে সামান্য স্পর্শ দিতে পারলে হয়তো গোল পেয়ে যেতেন ভিনিসিয়ুস জুনিয়র, কিন্তু তা হয়নি। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।

এই জয়ের পর আগামী রোববার কলম্বিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স, আর ব্রাজিল মঙ্গলবার মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।