দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর আবেগাপ্লুত স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে তার খেলোয়াড়দের নিয়ে গভীর গর্বের কথা প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘আমি বিশেষভাবে গর্বিত এই প্রজন্মের ফুটবলারদের নিয়ে, যারা এই আদর্শকে ধারণ করে একসাথে বেড়ে উঠেছে... তারা একটি দল, একটি পরিবারের দৃষ্টান্ত স্থাপন করেছে।’
তিনি আরো বলেন, ‘তারা অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়। এই যাত্রায় তাদের পাশে থাকতে পারা আমার জন্য বিরাট সম্মানের বিষয়।’
২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপেও স্পেনকে শিরোপা জেতানো ডি লা ফুয়েন্তে বলেন, ‘পেছনে ফিরে তাকালে আমি খুবই আবেগাপ্লুত হয়ে পড়ি। আমরা সবকিছু জিতেছি, আর সেটি সত্যিই অসাধারণ।’
তিনি আরো বলেন, ‘এটি এমন এক প্রজন্মের ফুটবলার, যাদের নিয়ে পুরো স্পেন গর্ব করতে পারে। আমরা একসাথে থাকলে আরো শক্তিশালী হয়ে উঠবো।’
৬৫ বছর বয়সী এই কোচের মতে, স্পেনের আরা আগেই ম্যাচের নিষ্পত্তি করা উচিত ছিল। তবে ১০৬তম মিনিটে ফেরান তোরেসের করা জয়সূচক গোলের আগে পর্যন্ত আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দুর্দান্ত সব সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন।
ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর আগে ৯৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ মাঠ ছাড়েন।
ডি লা ফুয়েন্তে বলেন, ‘আমার মনে হয় ম্যাচের ফল আরো আগেই নির্ধারিত হওয়া উচিত ছিল। এমির অসাধারণ কয়েকটি সেভ আমাদের দ্রুত জয় নিশ্চিত করতে দেয়নি। কিন্তু এটি বিশ্বকাপের ফাইনাল। প্রতিপক্ষ শেষদিকে ১০ জনের দলে পরিণত হলেও আমাদের শেষ পর্যন্ত লড়াই করে কষ্ট সহ্য করতে হয়েছে।’
সূত্র : বাসস



