প্রতিপক্ষের জন্য লিওনেল মেসি কতটা ভয়ঙ্কর হতে পারেন, তা আন্দ্রেস ইনিয়েস্তার চেয়ে ভালো খুব কম মানুষই জানেন। বার্সেলোনায় দীর্ঘদিন একই ড্রেসিংরুম ভাগ করে নেয়া স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার ফাইনালের আগে তাই নিজের দেশকে সতর্ক করে দিলেন।
রোববার (২০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। ম্যাচের আগে ইনিয়েস্তা স্প্যানিশ রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বলেন, মেসিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে রাখা প্রায় অসম্ভব।
‘তাকে পুরোপুরি আটকে রাখা অসম্ভব। বরং স্পেন নিজেদের খেলা দিয়ে, সুযোগ তৈরি করে এবং সেই সুযোগগুলো কাজে লাগিয়ে আর্জেন্টিনাকে কতটা বিপদে ফেলতে পারে, সেটাই গুরুত্বপূর্ণ।’
চলতি বিশ্বকাপে ৩৯ বছর বয়সী মেসি এখন পর্যন্ত ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। এমন পারফরম্যান্সে সাবেক সতীর্থের প্রশংসায় ইনিয়েস্তা বলেন, তার এই ধারাবাহিকতা ভাষায় প্রকাশ করা কঠিন।
‘বলার মতো কোনো ভাষা নেই। কিভাবে এটাকে বর্ণনা করব, সেটাও জানি না। তার একাগ্রতা, আত্মবিশ্বাস এবং প্রতিটি ম্যাচে যা করছে—তার জন্য তাকে শুধু স্যালুট জানাতেই হবে।'
তবে মেসির প্রশংসার পাশাপাশি স্পেনের বর্তমান প্রজন্মকে সাহসী থাকারও পরামর্শ দিয়েছেন ২০১০ বিশ্বকাপজয়ী এই নায়ক। তার মতে, ভয় নিয়ে ফাইনাল জেতা যায় না।
‘না, কখনোই ভয় পাওয়া যাবে না। ভয় নিয়ে কখনোই খেলা যায় না। পুরো বিশ্বকাপে তাদের আত্মবিশ্বাস ক্রমেই বেড়েছে এবং সেই আত্মবিশ্বাস নিয়েই তারা ফাইনালে নামবে।’
২০১০ সালে বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোল করে স্পেনকে প্রথম বিশ্বকাপ জেতানো ইনিয়েস্তার বিশ্বাস, শিরোপা জিততে চাইলে স্পেনকে মেসিকে থামানোর পরিকল্পনার চেয়ে নিজেদের ফুটবলটাই নিখুঁতভাবে খেলতে হবে।
ইনিয়েস্তার বিশ্বাস, স্পেনের শক্তি কোনো একক খেলোয়াড় নয়, বরং পুরো দল। বলেন, ‘প্রত্যেকেই জানে, তাদের কী করতে হবে। কে খেলছে, সেটা মুখ্য নয়। সবাই নিজের ভূমিকা বোঝে ও দল হিসেবে তাদের আত্মবিশ্বাস স্পষ্ট। মাঠে কে কোন পজিশনে খেলছে, সেটাই সবচেয়ে বড় বিষয় নয়।’



