স্পেনের কাছে হেরে বিশ্বকাপ হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে মাঠের হতাশা ছাড়িয়ে দেশের রাজধানী বুয়েনস আইরেসে দেখা গেছে আরো বেদনাদায়ক চিত্র। দলের প্রতি সমর্থন জানাতে জড়ো হওয়া সমর্থকের সমাবেশে ছড়িয়ে পড়ে সহিংসতা।
ঐতিহাসিক ওবেলিস্কের এই সহিংসতা নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, লাঠিচার্জ, টিয়ারশেল, পেপার স্প্রে ও জলকামান ব্যবহার করে। এদিকে ম্যাচ চলাকালে মানসিক চাপ ও উত্তেজনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই সমর্থক।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ ফাইনাল চলাকালে বুয়েনস আইরেসের ৬৭ ও ৮৮ বছর বয়সী দুই ব্যক্তি নিজ নিজ বাসায় খেলা দেখার সময় কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান।
স্থানীয় জরুরি চিকিৎসা সেবা সংস্থা ঘটনাস্থলে গিয়ে সিপিআর দিলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। একই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ৭২ বছর বয়সী আরেক ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে নিবিড় পরিচর্যায় ভর্তি হন।
এদিকে খেলা শেষ হওয়ার পর থেকেই রাজধানীর ঐতিহাসিক ওবেলিস্ক এলাকায় সমর্থকদের ভিড় বাড়তে থাকে। খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জানাতে তারা গান, স্লোগান ও করতালিতে মুখর করে তোলেন পুরো এলাকা। কিন্তু রাত বাড়ার সাথে পরিস্থিতির অবনতি ঘটে।
মূলত কয়েকজন সমর্থক ৬৭.৫ মিটার উঁচু ওবেলিস্ক স্মৃতিস্তম্ভের নিরাপত্তা বেষ্টনী টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পুলিশ তাদের বাঁধা দিলে একপর্যায়ে পুলিশের দিকে কাঁচের বোতল ও বিভিন্ন বস্তু ছোড়া হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে শুরু হওয়া এ সহিংসতা নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান, পেপার স্প্রে ও রাবার বুলেট ব্যবহার করে। দ্য সানের তথ্য অনুযায়ী, প্রায় ২০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই সময় আহত হয়েছেন সাতজন পুলিশ সদস্য ও বেশ কয়েকজন সাধারণ মানুষ। আহতদের মাঝে একজন পুরুষ মুখে লাথির আঘাত পান। চিকিৎসা নিতে হয়েছে এক নারী সমর্থককেও, যদিও তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে ওবেলিস্ক ও আশপাশের এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযান শেষে দ্রুত ফাঁকা হয়ে যায় ওবেলিস্কের আশপাশ। এই সময় রাজপথজুড়ে পড়ে থাকতে দেখা যায় ভাঙা কাঁচের বোতল, রাবার বুলেটের খোসা, খালি ক্যান এবং আকাশি-সাদা রঙের বিভিন্ন সাজসজ্জার সামগ্রী।



