মাঠ কিংবা মাঠের বাহিরে বরাবরই আলোচনায় থাকেন নেইমার জুনিয়র। তবে এবার এক নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন তিনি, মাঠের বাইরে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।
অনুশীলনে ব্রাজিল এই ফরোয়ার্ডের বিরুদ্ধে সান্তোস সতীর্থ রবিনিও জুনিয়রকে মারধরের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ আমলে নিয়ে ইতোধ্যেই শুরু হয়ে গেছে নেইমারের বিরুদ্ধে তদন্ত।
সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, গত পরশু অনুশীলনে ড্রিবল করে নেইমারকে বোকা বানান রবিনিও জুনিয়র। সেটি মোটেও ভালোভাবে নেননি নেইমার। ক্ষুব্ধ হয়ে উঠেন তিনি। একপর্যায়ে মেজাজ হারিয়ে রবিনিও জুনিয়রকে মারধর করে বসেন নেইমার।
এই প্রসঙ্গে রবিনিও জানান, তাকে বাজে ভাষায় গালমন্দ করেছেন নেইমার। পা লাগিয়ে ফেলে দিয়েছেন ও মুখে জোরে চড় মেরেছেন।
নেইমারে শাস্তি চাওয়ার পাশাপাশি অনুশীলনের ফুটেজ প্রকাশ ও ক্লাবে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে আলোচনা করতে একটি বৈঠকের দাবি করছেন।
এই ঘটনায় নেইমার বড় ঝামেলায় পড়তেব যাচ্ছেন বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্ত। ক্লাবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন রবিনিও জুনিয়রের আইনজীবীরা।
ইতোমধ্যে তারা একটি নথি জমা দিয়েছেন। সেখানে অনুশীলনের সময় নেইমারের আচরণ সম্পর্কে ব্যবস্থা নেয়া ও স্বচ্ছতা দাবি করা হয়েছে। তদন্তের বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব সান্তোসও।
এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘সিটি রেই পেলেতে গত রোববার অনুশীলনের সময় নেইমার ও রবিনিও জুনিয়রের মধ্যকার ঘটনায় তাৎক্ষণিকভাবে একটি অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই তদন্ত পরিচালনার দায়িত্ব পড়েছে ক্লাবের আইন বিভাগের ওপর। ক্লাব সভাপতির নির্দেশে এটা করা হয়েছে।’
সব মিলিয়ে বুঝাই যাচ্ছে বিশ্বকাপের আগে যখন দলে থাকা না থাকা নিয়ে চাপে নেইমার, তখন তাকে আরো চাপে ফেলে দিয়েছে এমন ঘটনা।



