ফের বুন্দেসলিগায় ফিরেছে শালকে

গত মৌসুমে দলটি রেলিগেশন জোনের ঠিক ওপরে দুলতে দুলতে শেষ পর্যন্ত ১৪তম স্থানে শেষ করে।

নয়া দিগন্ত অনলাইন

শনিবার ফর্চুনা ডুসেলডর্ফকে ১-০ গোলে হারিয়ে শালকে আগামী মৌসুমে জার্মানির শীর্ষ লিগে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে।

১৫তম মিনিটে কেনান কারামানের গোলে শালকের জয় নিশ্চিত হয়। এই মৌসুমে লিগে এটি তার ১৫তম গোল। এর মাধ্যমে সাতবারের জার্মান চ্যাম্পিয়ন শালকে বুন্দেসলিগা ২-এ তিন মৌসুম কাটানোর পর আবারো শীর্ষ লিগে ফিরেছে।

শালকের তারকা স্ট্রাইকার এডিন জেকো স্কাই জার্মানিকে বলেন, আমরা এই জয়টাই চেয়েছিলাম। আমরা আমাদের সমর্থকদের সাথে এই ধরনের জয় উদযাপন করতে চেয়েছিলাম।

৪০ বছর বয়সী সাবেক ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান স্ট্রাইকার জেকো শীতকালীন ট্রান্সফারে ক্লাবে যোগ দেয়ার পর আট ম্যাচে ছয়টি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন।

শালকের এখন পয়েন্ট ৬৭ যা তৃতীয় স্থানে থাকা হ্যানোভারের চেয়ে ১০ পয়েন্ট বেশি। তাদের এখনো তিনটি ম্যাচ বাকি।

মৌসুম শেষে দ্বিতীয় বিভাগের শীর্ষ দুই দল সরাসরি বুন্দেসলিগায় খেলার যোগ্যতা অর্জন করে। আর তৃতীয় স্থানে থাকা দলটি বুন্দেসলিগার তলানীর থেকে তৃতীয় দলের সাথে দুই লেগের প্লে-অফ ম্যাচে অংশ নেয়।

২০১০-১১ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলা জার্মানির অন্যতম সমর্থকসমৃদ্ধ ক্লাব শালকে সাম্প্রতিক বছরগুলোতে কঠিন সময় পার করেছে।

২০২০-২১ মৌসুমের শেষে তারা শেষ স্থানে থেকে রেলিগেটেড হয়। তবে পরের মৌসুমেই দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন হয়ে আবার শীর্ষ লিগে ফিরে আসে। কিন্তু ২০২২-২৩ মৌসুম শেষে শালকে আবারো অবনমিত হয়।

গত মৌসুমে দলটি রেলিগেশন জোনের ঠিক ওপরে দুলতে দুলতে শেষ পর্যন্ত ১৪তম স্থানে শেষ করে।

আরেক জায়ান্ট হামবুর্গ গত মৌসুমে বুন্দেসলিগা ২-এ সাত বছর কাটানোর পর শীর্ষ লিগে ফিরে এসেছে এবং এই মৌসুমে টিকে থাকার পথে রয়েছে।