জাদুবিদ্যায় পারদর্শী আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের এক নারী বিশ্বাস করেন যে ২০২২ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পেছনে অলৌকিক শক্তির ভূমিকা ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডালিয়া ওয়াকার নিজেকে একজন ‘ডাইনি’ হিসেবে পরিচয় দেন। সেই সাথে দাবি করেন ‘জাদু আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছে।’
তিনি দাবি করেন, বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের অন্যান্য সদস্যদের সাফল্য কামনায় বিভিন্ন জাদুবিদ্যা ও আচার-অনুষ্ঠান পালন করেছেন।
ডালিয়া ছিলেন স্বঘোষিত ‘জাদুকর’ বা ‘ডাইনি’দের একটি বৃহৎ দলের সদস্য। এই নারীরা নিজেদের ‘লা ব্রুজিনেতা’ নামে পরিচয় দিতেন। স্প্যানিশ শব্দ ‘ব্রুজা’ অর্থ ডাইনি, আর ‘লা স্কালোনেতা’ হলো কোচ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা দলের জনপ্রিয় ডাকনাম।
ডালিয়ার মতে, ‘লা ব্রুজিনেতা’ আধুনিক যুগের এক ধরনের জাদুবিদ্যার চর্চা করে, যেখানে মোমবাতি, প্রার্থনা এবং তাবিজ ব্যবহার করে বিভিন্ন আচার সম্পন্ন করা হয়।
২০২২ সালে কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর এই গোষ্ঠীর সদস্যরা এটিকে নিজেদের প্রচেষ্টার এক ধরনের স্বীকৃতি হিসেবে দেখেন। ডালিয়া বলেন, ‘আমার কাছে এটি সত্যিই ডাইনিদের বিশ্বকাপ ছিল।’
তিনি জানান, দলটির সদস্যরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন। সেখানে তারা আলোচনা করতেন দলের পারফরম্যান্সের কোন দিকগুলোর ওপর বেশি গুরুত্ব দিয়ে আচার-অনুষ্ঠান পরিচালনা করা উচিত।
ডালিয়ার মতে, কিছু জনপ্রিয় আচার-অনুষ্ঠানের লক্ষ্য ছিল প্রতিপক্ষ দলের নির্দিষ্ট খেলোয়াড়দের শক্তিকে ‘স্থবির’ করে দেয়া। তবে তিনি ব্যক্তিগতভাবে এমন চর্চার সমর্থক নন।
বরং তিনি ইতিবাচক উদ্দেশ্যে পরিচালিত আচার-অনুষ্ঠানকেই প্রাধান্য দেন। এর মাঝে রয়েছে মোমবাতি জ্বালানো, প্রার্থনা করা এবং শুভ শক্তি প্রেরণের প্রতীকী কর্মকাণ্ড।



