৬৫ সেকেন্ডের গোলে তুরস্ককে হারাল প্যারাগুয়ে

প্যারাগুয়ে ম্যাচের ৬৫ সেকেন্ডেই মাতিয়াস গালার্জার করা গোলের সুবাদে তুরস্ককে ১-০ ব্যবধানে হারিয়েছে। লাল কার্ডের পর ১০ জনের দলে পরিণত হওয়া প্যারাগুয়ের বিপক্ষে অসংখ্য সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় তুরস্ক, ফলে টানা দ্বিতীয় হারে বিদায়ের শঙ্কায় দলটি।

নয়া দিগন্ত অনলাইন
তুরস্ককে হারিয়েছে প্যারাগুয়ে
তুরস্ককে হারিয়েছে প্যারাগুয়ে |সংগৃহীত

তুরস্কের বিপক্ষে ম্যাচের মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করে চলতি বিশ্বকাপের দ্রুততম গোলের নতুন রেকর্ড নিজের করে নিয়েছেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালার্জা। রোমাঞ্চে ঠাসা ম‍্যাচে সেটাই হয়ে থাকল একমাত্র গোল! দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন বেশি থাকার সুযোগ কাজে লাগাতে পারল না তুরস্ক। অসংখ‍্য সুযোগ হাতছাড়া করে হারল টানা দ্বিতীয় ম‍্যাচে।

শনিবার অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় প্যারাগুয়ে ও তুরস্ক। দু’দলই নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হওয়ায় এ ম্যাচটি ছিল উভয়ের জন্যই বাঁচা-মরার লড়াই।

এই ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল প্যারাগুয়ের তারকা মিগেল আলমিরনের লাল কার্ড, যা এসেছে ফিফার নতুন নিয়মের কারণে।

প্যারাগুয়ে ও তুরস্কের মধ্যকার ম্যাচে মুখ ঢেকে কথা বলাকে কেন্দ্র করে লাল কার্ড দেখানো হয়েছে আলমিরনকে। ঘটনাটি ঘিরে ম্যাচজুড়ে তৈরি হয় তীব্র উত্তেজনা ও বিতর্ক।

ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে প্যারাগুয়ের স্ট্রাইকার পিত্তাকে মাঝমাঠের কাছে ফাউল করা হলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে উভয় দলের অধিনায়ক ও সতীর্থরা খেলোয়াড়দের শান্ত করার চেষ্টা করেন।

এ সময় জটলার মধ্যেই আলমিরন তুরস্কের এক খেলোয়াড়ের উদ্দেশে মুখ ঢেকে কিছু কথা বলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি মাঠের রেফারির নজর এড়ায়নি। পরে ভিএআর প্রযুক্তির সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করার পর রেফারি আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান।

ম্যাচ-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মাঠে শৃঙ্খলা ভঙ্গ ও প্রতিপক্ষ খেলোয়াড়কে উসকানিমূলক আচরণের অভিযোগেই তাকে বহিষ্কার করা হয়। তবে ‘মুখ ঢেকে কথা বললেই লাল কার্ড’- এ ধরনের কোনো সার্বজনীন নিয়ম বিশ্বকাপ বা আন্তর্জাতিক ফুটবলে আনুষ্ঠানিকভাবে চালু রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে প্যারাগুয়ে। খেলা শুরুর এক মিনিটেরও কম সময়ের মধ্যে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে দলটি। এরই ধারাবাহিকতায় ৬৫ সেকেন্ডে গোল পেয়ে যায় দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা।

বক্সের বাইরে থেকে নেয়া মাতিয়াস গালার্জার দুর্দান্ত শট তুরস্কের গোলরক্ষক উগুরকান চাকিরকে ফাঁকি দিয়ে জালে ঢুকে পড়ে। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে প্যারাগুয়ের খেলোয়াড় ও সমর্থকরা।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড গড়েন গালার্জা। কয়েক ঘণ্টা আগেও রেকর্ডটি ছিল মরক্কোর ইসমাইল সাইবারির দখলে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি ৭১ সেকেন্ডে গোল করে রেকর্ড গড়েছিলেন। তবে সেই রেকর্ড একদিনও স্থায়ী হয়নি। গালার্জার ৬৫ সেকেন্ডের গোল নতুন করে ইতিহাসের পাতায় জায়গা করে নেয়।

শুরুতেই গোল হজম করে চাপে পড়ে তুরস্ক। অপরদিকে দ্রুত লিড পাওয়ায় আত্মবিশ্বাসী হয়ে ওঠে প্যারাগুয়ে। ম্যাচের বাকি সময়ে ব্যবধান বাড়ানোর পাশাপাশি জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে খেলতে থাকে তারা।

গোল হজমের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তুরস্ক। তুরস্কের আক্রমণের পর আক্রমণ, একের পর এক সুযোগ, প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ার পরও গোলের দেখা মিলল না। শেষ পর্যন্ত মাত্র ৬৪ সেকেন্ডের মাথায় হজম করা এক গোলেই বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেল ভিনচেনজো মনতেয়ার দল তুরস্ক। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে নাটকীয় ম্যাচে ১০ জনের প্যারাগুয়ের কাছে একমাত্র গোলে হেরেছে তুরস্ক।