ফিফা প্রীতি ম্যাচের শুরুর একাদশে নেই নেইমার

বিশ্বকাপের উদ্দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে ঘরের মাঠে এটিই হতে যাচ্ছে ব্রাজিলের বিদায়ী ম্যাচ।

নয়া দিগন্ত অনলাইন
নেইমার জুনিয়র
নেইমার জুনিয়র |ফাইল ছবি

পানামার বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের শুরুর একাদশ ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। শনিবার ব্রাজিলের রিও ডি জেনিরোর তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে এক সংবাদ সম্মেলনে একাদশ ঘোষণার পাশাপাশি নেইমার জুনিয়রের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন তিনি।

রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে পানামার মুখোমুখি হবে সেলেসাওরা। বিশ্বকাপের উদ্দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে ঘরের মাঠে এটিই হতে যাচ্ছে ব্রাজিলের বিদায়ী ম্যাচ।

চোটের কারণে প্রত্যাশিতভাবেই পানামা ম্যাচের একাদশে নেই নেইমার জুনিয়র। তবে আনচেলত্তি জানিয়েছেন, কোচিং স্টাফ আশা করছে বিশ্বকাপের শুরু থেকেই নেইমারকে পুরোপুরি ফিট অবস্থায় দলে পাওয়া যাবে। এমনকি মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচ বা তার পরের ম্যাচেই তিনি মাঠে ফিরতে পারেন। ব্রাজিল কোচ জোর দিয়ে বলেন, বর্তমান স্কোয়াডে তিনি কোনো পরিবর্তন আনতে চান না। বিশ্বকাপের জন্য যাদের ডাকা হয়েছে, তারা সবাই মূল দলের সাথেই থাকবেন।

একাদশ ঘোষণার পর কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমাদের সমর্থকদের এবং আমাদের স্টেডিয়ামকে বিদায় জানানোর জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ।’

শনিবার সকালে গ্রাঞ্জা কোমারিতে দলের শেষ অনুশীলন সেশন পরিচালনা করেছেন আনচেলত্তি। এরপর বিকেলে রিও ডি জেনিরোর উদ্দেশে রওনা হবে পুরো দল।

প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে আনচেলত্তি বলেন, ‘প্রতিটি দিনই দারুণ কাটছে। একটি শক্তিশালী দল, পরিশ্রমী এবং পেশাদার খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে পেরে আমি আনন্দিত। এখন পর্যন্ত প্রস্তুতি খুব ভালো হয়েছে এবং আমাদের হাতে আরো কাজ করার মতো পর্যাপ্ত সময় আছে। ক্যাম্পের পরিবেশ বেশ সুন্দর, প্রাণবন্ত ও স্বস্তিদায়ক। এই দেশের জন্য বিশেষ কিছু বয়ে আনার এটা আমাদের সবার সামনে এক বিশাল সুযোগ।’

পানামার বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ
আলিসন বেকার (গোলকিপার), ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনিয়া, রাফিনহা এবং ভিনিসিয়ুস জুনিয়র।