শত শত সিভি থেকে কতো কতো নাম- তবুও যেন দিগবিদিক শূন্য বাফুফে। খুঁজে পাচ্ছিলো না কাঙ্খিত নামটা, মিলছিলো না হিসেব-নিকেশ। অবশেষে একটা নামে এসে থেমেছে বাফুফে।
থমাস ডুলি- গায়ানা জাতীয় দলের সাবেক এই কোচকে দেখা যেতে পারে বাংলাদেশের ডাগআউটে। হাভিয়ের কাবরেরার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জার্মান-মার্কিন এই কোচ।
যদিও এখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। তবে গত ১২ মে হঠাৎ গায়ানা জাতীয় দলের দায়িত্ব ছাড়েন থমাস ডুলি। যা তার বাংলাদেশে আসারই বার্তা দেয়।
এমনকি জানা গেছে, আজ শুক্রবার সকালে এমিরেটসের ফ্লাইটে ঢাকায় আসছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের নতুন এই কোচ। তিনি আসার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে বাফুফে।
৬৪ বছর বয়সী টমাস ডুলির খেলোয়াড়ি জীবনও বেশ সমৃদ্ধ। বুন্দেসলিগা ও উয়েফা কাপ জয়ী এই সাবেক ডিফেন্ডার আন্তর্জাতিক ফুটবলেও পরিচিত মুখ। কোচিং ক্যারিয়ারেও রয়েছে উল্লেখযোগ্য অভিজ্ঞতা।
জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সমানের সহকারী হিসেবেও কাজ করেছেন তিনি। বিশেষ করে ফিলিপাইন জাতীয় দলের দায়িত্ব পালনকালে তার সাফল্য প্রশংসিত হয় ব্যাপকভাবে।
তার অধীনেই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় ফিলিপাইন। এশিয়ান ফুটবল সম্পর্কে অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার দক্ষতা তাকে পছন্দের তালিকায় এগিয়ে রাখছে।



