রাতটা হতে পারতো মেসির। মঞ্চটাও প্রস্তুত ছিল। তবে উপলক্ষটা রাঙাতে পারেননি তিনি। একদিকে স্পেনের কাছে হেরে হাতছাড়া করেছেন বিশ্বকাপ, অন্যদিকে হাত ফসকেছে ব্যক্তিগত অর্জনও।
ফাইনালে দারুণ কিছু করতে পারলে গোল্ডেন বল, গোল্ডেন বুট— দুটোই একসাথে পেতে পারতেন মেসি। তবে তার কোনোটাই পাননি। তাকে আক্ষেপে পুড়িয়ে টুর্নামেন্ট সেরার স্বীকৃতি পেয়েছেন রদ্রি।
স্পেনকে ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জেতাতে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জিতেছেন এই মিডফিল্ডার।
পুরো আসরজুড়ে স্পেনের মাঝমাঠের নিয়ন্ত্রণ ছিল রদ্রির হাতেই। বল দখল, পাসের নির্ভুলতা, প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া ও খেলার ছন্দ নিয়ন্ত্রণে ছিলেন তিনি অনন্য।
গোল বা অ্যাসিস্টের সংখ্যায় খুব বেশি আলোচনায় না থাকলেও, স্পেনের বিশ্বকাপ জয়ের পেছনে তার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর একটি। আসরে প্রায় ৭১ কিলোমিটার দৌড়েছেন, যা টুর্নামেন্টের সর্বোচ্চ।
অন্যদিকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। পুরো আসরে ১০ গোল করে তিনি এই সম্মান অর্জন করেন। ৮ গোল নিয়ে মেসি দ্বিতীয় স্থানেই থাকলেন।
এছাড়া স্পেনের গোলরক্ষক উনাই সিমন জিতেছেন গোল্ডেন গ্লাভস, আর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার গেছে স্পেনেরই তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সির হাতে।
সব মিলিয়ে স্পেন বিশ্বকাপ শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও আধিপত্য দেখিয়েছে। চারটি প্রধান ব্যক্তিগত পুরস্কারের মধ্যে তিনটিই জিতেছে লা রোখার ফুটবলাররা।
উল্লেখ্য, রোববার রাতে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। যা তাদের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১০ সালে চ্যাম্পিয়ন হয় তারা।



