ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ। রাতে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা। প্রথমবারের মতো ইউরোপের মাঠে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে খেলবেন তারা।
আজ শুক্রবার (৫ জুন) ইউরোপের দল সান মারিনোর বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে খেলা।
এই ম্যাচে আরো একটা প্রথমের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল। হাভিয়ার কাবরেরার বিদায়ের পর নতুন হেড কোচ থমাস ডুলি অধ্যায় শুরু হচ্ছে সান মারিনোর বিপক্ষেই। এই ম্যাচ তার জন্য বড় পরীক্ষা।
এই মার্কিন-জার্মান কোচ দল নিয়ে অবশ্য খুব বেশি সময় পাননি। সান মারিনোয় সংক্ষিপ্ত ক্যাম্পের আগে শিষ্যদের সাথে মাত্র চারটি অনুশীলন সেশন করার সুযোগ পেয়েছেন তিনি।
ইউরোপের দেশ হলেও ফুটবলে তেমন একটা সমৃদ্ধ নয় সান মারিনো। তাদের ফিফা র্যাঙ্কিং ২১১। বর্তমানে ফুটবলে সক্রিয় দেশের মধ্যে সবচেয়ে নিম্ন। অন্যদিকে বাংলাদেশের র্যাঙ্কিং এখন ১৮১তম।
অর্থাৎ ইউরোপে খেলার স্বাদ নিতে গিয়ে ৩০ ধাপ নিচে এবং র্যাঙ্কিংয়ের সবচেয়ে নিম্ন দলের সাথে খেলবে বাংলাদেশ। তবুও নতুন কিছুর চ্যালেঞ্জ নেয়াটাও প্রশংসা দাবি রাখে।
সান মারিনোকে অবশ্য ছোট করে দেখছে না বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে হামজা চৌধুরী বলেন, ‘নিঃসন্দেহে তাদের (সান মারিনো) বিপক্ষে ম্যাচ সহজ হবে না। তারা সব সময় বড় দলের বিপক্ষে খেলে থাকে।’
‘তারা হার্ড কোয়ালিটির, আমাদের জন্য ইউরোপের মাটিতে এটা প্রথম ম্যাচ। সবমিলিয়ে আমাদের জন্যই ভালো। আমি খবুই এক্সাইটেড ইউরোপের দল ও সান মারিনোর বিপক্ষে খেলতে পারবো।’
আসন্ন ম্যাচে প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দিতে চায় বাংলাদেশ। এই প্রসঙ্গে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বলেন, ‘এখানে র্যাংকিং কোনো বিষয় নয়। অনেক ছোট টিম অনেক সময় ভালো খেলে। আমরা চাইব, যেহেতু আমাদের বাঙালি সাপোর্টাররা বেশি আসবেন, তাই নিজের হোম মনে করে আমরা মাঠে নামব। আর আমরা ইনশাআল্লাহ ভালো খেলে জয় ছিনিয়ে আনব।’



