দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

‘এ বছরের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন মোস্তাফিজ। শিগগিরই মোস্তাফিজের পরিবর্তে নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।’

নয়া দিগন্ত অনলাইন
মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান |সংগৃহীত

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের এক শ’ বলের ক্রিকেট, দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়েছিলেন বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। কিন্তু ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় দ্য হান্ড্রেডের চলতি আসর থেকে ছিটকে গেলেন ফিজ।

দ্য হান্ড্রেড থেকে মোস্তাফিজের ছিটকে যাওয়ার খবর বৃহস্পতিবার (২৩ জুলাই) নিশ্চিত করেছে তার দল বার্মিংহাম ফিনিক্স।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোস্তাফিজের ছবি দিয়ে ফিনিক্স জানায়, এ বছরের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন মোস্তাফিজ। শিগগিরই মোস্তাফিজের পরিবর্তে নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল করার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি ফিজ।

দ্য হান্ড্রেডে যোগদানের জন্য আগামী সোমবার মোস্তাফিজের ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ফিটনেস পরীক্ষার আগেই নিশ্চিত হয়ে যায় চলতি আসরে খেলতে পারবেন না ফিজ।

গত ২১ জুলাই থেকে শুরু হয়েছে দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসর। যা শেষ হবে ১৬ আগস্ট। বাসস