বাংলাদেশ ২.০ : ন্যায়, মর্যাদা ও অগ্রগতির রাষ্ট্রদর্শন

বাংলাদেশের প্রেক্ষাপটে তাকাদ্দুমে আম্মাহ এমন একটি জাতীয় অভিযাত্রার নীতি, যেখানে উন্নয়নের মানদণ্ড কেবল মাথাপিছু আয় বা অবকাঠামোর পরিমাণ নয়; বরং শিক্ষার মান, গবেষণার সক্ষমতা, প্রযুক্তিগত উদ্ভাবন, নৈতিক শাসন, পরিবেশগত ভারসাম্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের জ্ঞানগত ও সাংস্কৃতিক অবদানও সমানভাবে বিবেচিত হবে। বাংলাদেশ হবে এমন একটি অগ্রসর রাষ্ট্র, যা নিজের ঐতিহ্যকে ধারণ করে ভবিষ্যতের বিজ্ঞান, প্রযুক্তি ও সভ্যতার নির্মাণে সক্রিয় ভূমিকা পালন করবে।

রাষ্ট্র কি কেবল সংবিধান, প্রশাসন বা ক্ষমতা-কাঠামোর সমষ্টি? না। রাষ্ট্র মূলত একটি নৈতিক অঙ্গীকার, একটি সামাজিক চুক্তি এবং সভ্যতাগত প্রকল্প। যে রাষ্ট্র মানুষের মর্যাদার সুরক্ষা দেয়, জাতীয় আত্মপরিচয় সুসংহত করে, সব নাগরিককে অন্তর্ভুক্ত করে, ন্যায় ও প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা করে, নিরাপত্তা নিশ্চিত করে এবং ধারাবাহিক অগ্রগতির পথ নির্মাণ করে, সেই রাষ্ট্রই দীর্ঘমেয়াদে বৈধতা, স্থিতিশীলতা ও জনআস্থা অর্জন করতে পারে। এই দৃষ্টিকোণ থেকে লাল জুলাই-পরবর্তী বাংলাদেশে প্রয়োজন এমন এক সমন্বিত রাষ্ট্রদর্শনের, যা ইসলামী নৈতিক চেতনা, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এবং সমকালীন শাসনচিন্তার মধ্যে সৃজনশীল সেতুবন্ধন রচনা করে। তার থাকবে কেন্দ্রীয় নীতিকাঠামো। কী হতে পারে সেই সব নীতি? আমরা তা অনুসন্ধান করে দেখি :

১. তাকরিমে আম্মাহ (সর্বজনীন মানব মর্যাদা)
রাষ্ট্রের অস্তিত্বের পয়লা ভিত্তি হলো মানুষের মর্যাদা। রাষ্ট্রের বৈধতা, নৈতিকতা ও জনসমর্থনের উৎস কোনো ভূখণ্ড, প্রতিষ্ঠান বা ক্ষমতা নয়; বরং নাগরিকের অন্তর্নিহিত মর্যাদার প্রতি তার অঙ্গীকার। ইসলাম প্রত্যেক বনি আদমকে সম্মানীয় করেছে। রাষ্ট্রের দায়িত্ব মানুষের সেই মর্যাদার স্বীকৃতি, সুরক্ষা ও বিকাশ নিশ্চিত করা। এ ক্ষেত্রে রাষ্ট্র ব্যর্থ হলে তার ক্ষমতা শক্তিশালী হলেও নৈতিক বৈধতা দুর্বল হয়ে পড়ে।

তাকরিমে আম্মাহ এমন এক রাষ্ট্রনৈতিক দর্শন, যেখানে ধর্ম, ভাষা, জাতিগত পরিচয়, লিঙ্গ, পেশা, রাজনৈতিক মত কিংবা আর্থসামাজিক অবস্থান নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান মানবিক মর্যাদার অধিকারী। রাষ্ট্রের আইন, প্রশাসন, বিচার, নিরাপত্তা, শিক্ষা ও অর্থনীতি এই মৌলিক নীতির অধীনে পরিচালিত হবে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানও সেভাবেই গড়তে হবে।

এই দর্শনের বাস্তব প্রয়োগের অর্থ হলো আইনের সমান সুরক্ষা, ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা, ন্যায়বিচারের অধিকার, নির্যাতন ও অপমানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ এবং প্রশাসনিক আচরণে নাগরিকের প্রতি সম্মান প্রদর্শন। গুম, বিচারবহির্ভূত হত্যা, দুর্নীতি, বৈষম্য, হয়রানি কিংবা রাষ্ট্রীয় অপমান কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়; এগুলো তাকরিমে আম্মাহর নীতির পরিপন্থী। তাকরিমে আম্মাহ কেবল মানবাধিকারের একটি অধ্যায় নয়; এটি রাষ্ট্রের অস্তিত্বের নৈতিক ভিত্তি।

২. তা’রিফে আম্মাহ (জাতীয় আত্মপরিচয়)
রাষ্ট্রের দ্বিতীয় দায়িত্ব হলো মানুষকে একটি সুস্পষ্ট ও ইতিবাচক জাতীয় আত্মপরিচয়ের সাথে যুক্ত করা। কেবল একটি ভূখণ্ডে বসবাস করলেই জাতি গঠিত হয় না; জাতি গঠিত হয় অভিন্ন ইতিহাস, সম্মিলিত স্মৃতি, সাংস্কৃতিক উত্তরাধিকার, নাগরিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ সম্পর্কে একটি যৌথ অঙ্গীকারের মাধ্যমে। তা’রিফে আম্মাহর উদ্দেশ্য প্রতিটি নাগরিককে এমন একটি জাতীয় পরিচয়ের অংশী বানানো, যা বিভাজনের পরিবর্তে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধ সৃষ্টি করে।

এই দর্শনে রাষ্ট্র কোনো একক রাজনৈতিক মতাদর্শ বা সাময়িক ক্ষমতার প্রতিনিধিত্ব করে না। রাষ্ট্র এখানে পুরো জাতির ঐতিহাসিক ধারাবাহিকতা ও সভ্যতাগত চেতনাকে ধারণ করে। শিক্ষা, সংস্কৃতি, ইতিহাসচর্চা, গণমাধ্যম ও নাগরিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এমন একটি জাতীয় বয়ান নির্মাণ করা হয়, যেখানে দেশের স্বাধীনতা, ভাষা, সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, বৈচিত্র্যের প্রতি সম্মান এবং সাংবিধানিক অঙ্গীকার একটি সমন্বিত পরিচয়ের অংশ হয়ে ওঠে।

৩. তাশমিলে আম্মাহ (সর্বজনীন অন্তর্ভুক্তি)
একটি রাষ্ট্র তখনই প্রকৃত অর্থে জনগণের রাষ্ট্রে পরিণত হয়, যখন তার প্রতিটি নাগরিক নিজেকে রাষ্ট্রের সমান অংশীদার হিসেবে অনুভব করে। রাষ্ট্রের দায়িত্ব হলো এটি নিশ্চিত করা যে, কোনো ব্যক্তি, অঞ্চল বা সামাজিক গোষ্ঠী রাষ্ট্রের সুরক্ষা, সেবা, উন্নয়ন কিংবা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন না থাকে। তাশমিলে আম্মাহ রাষ্ট্রকে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় কাঠামো হিসেবে গড়ে তোলে, যেখানে রাষ্ট্রের প্রতিটি সুযোগ, প্রতিষ্ঠান ও উন্নয়নের সুফল পুরো জনগণের জন্য উন্মুক্ত থাকে।

এই দর্শনের ভিত্তি হলো- রাষ্ট্র কোনো বিশেষ শ্রেণী, নগরকেন্দ্রিক অভিজাত গোষ্ঠী, রাজনৈতিক সমর্থক বা অর্থনৈতিক শক্তির একচেটিয়া খাজানা নয়। রাষ্ট্র তামাম নাগরিকের যৌথ আমানত। তাই রাষ্ট্রের উপস্থিতি, সেবা ও ন্যায়বিচার সবখানে সমানভাবে পৌঁছাতে হবে। একইভাবে নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী, শ্রমজীবী, কৃষক, জেলে, ক্ষুদ্র উদ্যোক্তা, ধর্মীয় ও সাংস্কৃতিক সংখ্যালঘু কিংবা অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর কেউ রাষ্ট্রের নীতিনির্ধারণ বা উন্নয়নের বাইরে থাকবে না।

বাংলাদেশের প্রেক্ষাপটে তাশমিলে আম্মাহ আঞ্চলিক বৈষম্য, সামাজিক বঞ্চনা এবং উন্নয়নের অসম বণ্টন দূর করার নীতিগত ভিত্তি হতে পারে। এর মাধ্যমে রাষ্ট্র এমন এক সামাজিক চুক্তি প্রতিষ্ঠা করবে, যেখানে কেউ নিজেকে প্রান্তিক বা পরিত্যক্ত মনে করবে না এবং জাতীয় উন্নয়নের প্রতিটি ধাপে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে।

৪. তা’দিলে আম্মাহ (ন্যায় ও প্রাতিষ্ঠানিক ভারসাম্য)
রাষ্ট্রের প্রধান কর্তব্য ন্যায়প্রতিষ্ঠা। কারণ ন্যায়বিচার ব্যতীত মর্যাদা নিরাপদ থাকে না, পরিচয় বিভক্ত হয়ে পড়ে এবং অন্তর্ভুক্তি কেবল একটি রাজনৈতিক স্লোগানে পরিণত হয়। তা’দিলে আম্মাহ এমন এক রাষ্ট্রদর্শন, যেখানে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান, আইন ও ক্ষমতার কাঠামো ন্যায়, ভারসাম্য ও জবাবদিহির নীতির অধীন পরিচালিত হয়।

এখানে তা’দিল বলতে বিচারিক ন্যায়ই সবটুকু নয়। এর সাথে জরুরি হলো- রাষ্ট্রের সামগ্রিক ভারসাম্য, ক্ষমতার সীমাবদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক সামঞ্জস্য। একটি সুস্থ রাষ্ট্রে আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর রিশতা কেমন? তারা অপরের বিকল্প হয় না; বরং তারা হয় পারস্পরিক ভারসাম্য রক্ষাকারী শক্তি। রাষ্ট্রক্ষমতা যখন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে অতিমাত্রায় কেন্দ্রীভূত হয়, তখন ন্যায় ক্ষতিগ্রস্ত হয় এবং নাগরিক স্বাধীনতা দুর্বল হয়ে পড়ে। তাই তা’দিলে আম্মাহ ক্ষমতার বিকেন্দ্রীকরণ, আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতাকে রাষ্ট্রের মৌলিক নীতি হিসেবে কায়েম করে।

এই নীতিতে বিচারব্যবস্থা হবে স্বাধীন, প্রশাসন হবে জবাবদিহিমূলক, নির্বাচন হবে বিশ্বাসযোগ্য, সরকারি নিয়োগ হবে যোগ্যতার ভিত্তিতে এবং রাষ্ট্রের সম্পদ বণ্টিত হবে ন্যায্যতার নীতিতে। একই সাথে অর্থনৈতিক ন্যায়ও এই নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ চরম বৈষম্য দীর্ঘমেয়াদে সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক অবিশ্বাস সৃষ্টি করে।

তা’দিলে আম্মাহ এমন রাষ্ট্র কাঠামোর প্রস্তাব করে, যেখানে বিচারব্যবস্থা, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন, স্থানীয় সরকার, মানবাধিকার সুরক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয় বা ব্যক্তিগত প্রভাবের ঊর্ধ্বে থেকে জনগণের আস্থা অর্জন করবে। ন্যায়বিচার আদালত যেমন প্রতিষ্ঠিত হবে, তেমনি রাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্ত, নীতি ও প্রতিষ্ঠানের আচরণে প্রতিফলিত হবে।

তা’দিলে আম্মাহ হলো রাষ্ট্রের নৈতিক মেরুদণ্ড। কারণ ন্যায় ও প্রাতিষ্ঠানিক ভারসাম্য ছাড়া কোনো রাষ্ট্র দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা, বৈধতা কিংবা সভ্য অগ্রগতি অর্জন করতে পারে না।

৫. তা’মিনে আম্মাহ (সর্বজনীন নিরাপত্তা)
একটি রাষ্ট্রের সাফল্য পরিমাপের অন্যতম মানদণ্ড হলো- তার নাগরিক কতটা নিরাপদ, আস্থাসম্পন্ন ও ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী। রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হলো এমন একটি নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা, যা রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব, মানুষের জীবন, জীবিকা এবং সভ্যতার ধারাবাহিকতা সুরক্ষিত রাখে। তা’মিনে আম্মাহ নিরাপত্তাকে সামরিক ধারণা হিসেবে দেখার পাশাপাশি মানবিক, সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমন্বিত নীতি হিসেবে বিবেচনা করে।

এখানে নিরাপত্তা একটি বহুমাত্রিক ধারণা। এক. রাষ্ট্রের ভূমি, পানি, আকাশ, স্বাধীন সিদ্ধান্তের এখতিয়ার ও ভাবসম্পদের হেফাজত। দুই. প্রতিটি নাগরিকের জীবন, সম্মান ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক কর্তব্য। তিন. খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও আবাসনের মতো মৌলিক মানবিক চাহিদার নিশ্চয়তা নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। চার. শিক্ষা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক স্থিতিশীলতা মানুষের ভবিষ্যৎ নিরাপত্তা নির্মাণ করে। পাঁচ. তথ্যপ্রযুক্তির যুগে ব্যক্তিগত তথ্য, সাইবার অবকাঠামো এবং ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা রাষ্ট্রের নতুন দায়িত্ব। ছয়. আবহাওয়া পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী এবং পরিবেশগত সঙ্কট মোকাবেলাও আধুনিক রাষ্ট্রের নিরাপত্তা দর্শনের অপরিহার্য অংশ।

তা’মিনে আম্মাহ রাষ্ট্রকে এমন এক কল্যাণমুখী কাঠামো নির্মাণের আহ্বান জানায়, যেখানে নাগরিক ভয়, অনিশ্চয়তা ও বঞ্চনার মধ্যে জীবনযাপন করবে না। বহুমাত্রিক প্রতিরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, সাইবার নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে একটি সমন্বিত জাতীয় নিরাপত্তা কাঠামোর অধীনে বিবেচনা করা হবে। এই নীতির উদ্দেশ্য কেবল নিরাপত্তা হুমকি ও অপরাধ দমন নয়; বরং এমন একটি সমাজ গঠন করা, যেখানে মানুষের নিরাপত্তাবোধই সামাজিক আস্থা, বিনিয়োগ, উদ্ভাবন ও জাতীয় সংহতির ভিত্তি হয়ে ওঠে। যেখানে সীমান্ত সুরক্ষার পাশাপাশি নদী, কৃষি, খাদ্য, স্বাস্থ্য, সাইবার জগৎ, পরিবেশ এবং দুর্যোগ মোকাবেলাকে সমান গুরুত্ব দেয়া হবে। কারণ নিরাপদ নাগরিকই উৎপাদনশীল নাগরিক, আর নিরাপদ সমাজই স্থিতিশীল রাষ্ট্রের ভিত্তি।

৬. তাকাদ্দুমে আম্মাহ (জনঅগ্রগতি)
রাষ্ট্রের সর্বশেষ এবং সর্বোচ্চ লক্ষ্য কেবল বর্তমানকে পরিচালনা করা নয়; বরং ভবিষ্যৎ নির্মাণ করা। তাকাদ্দুমে আম্মাহ সেই রাষ্ট্রদর্শন, যা উন্নয়নকে কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ না রেখে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, নৈতিকতা, সংস্কৃতি ও মানবিক উৎকর্ষের সমন্বিত যাত্রা হিসেবে বিবেচনা করে।

এই দর্শনের ভিত্তিতে রাষ্ট্র তার জনগণকে প্রাপ্য অধিকার দেয়, সৃজনশীলতা, উদ্ভাবন ও নেতৃত্বের সক্ষমতা অর্জনে সহায়তা করে। শিক্ষা, গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, উদ্যোক্তা উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ জাতীয় অগ্রগতির অবিচ্ছেদ্য স্তম্ভ। একই সাথে নৈতিকতা, সততা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়িত্ববোধকে উন্নয়নের অপরিহার্য উপাদান। বস্তুত আখলাক উন্নয়নের প্রাণ ও রক্ষাকবচ। আখলাকি ভিত্তি ছাড়া উন্নয়ন টেকসই হয় না এবং জ্ঞানহীন সমৃদ্ধি দীর্ঘস্থায়ী সভ্যতা নির্মাণ করতে পারে না।

তাকাদ্দুমে আম্মাহ রাষ্ট্রকে ‘শেখার রাষ্ট্র’ (Learning State) এবং ‘উদ্ভাবনের রাষ্ট্র’ (Innovative State)-এ পরিণত হওয়ার আহ্বান জানায়। এখানে নীতিনির্ধারণ হবে গবেষণাভিত্তিক, প্রশাসন হবে সেবা, তথ্য ও হাকিকতনির্ভর, অর্থনীতি হবে উদ্ভাবনকেন্দ্রিক এবং শিক্ষা হবে আজীবন দক্ষতা অর্জনের ওসিলা। রাষ্ট্র তার তরুণ জনগোষ্ঠীকে মূল্যবোধ, জ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতার সবচেয়ে বড় জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করবে। একই সাথে কৃষি, শিল্প, সেবা, ডিজিটাল অর্থনীতি এবং সবুজ প্রযুক্তির সমন্বয়ে একটি টেকসই উন্নয়ন মডেল গড়ে তোলা হবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে তাকাদ্দুমে আম্মাহ এমন একটি জাতীয় অভিযাত্রার নীতি, যেখানে উন্নয়নের মানদণ্ড কেবল মাথাপিছু আয় বা অবকাঠামোর পরিমাণ নয়; বরং শিক্ষার মান, গবেষণার সক্ষমতা, প্রযুক্তিগত উদ্ভাবন, নৈতিক শাসন, পরিবেশগত ভারসাম্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের জ্ঞানগত ও সাংস্কৃতিক অবদানও সমানভাবে বিবেচিত হবে। বাংলাদেশ হবে এমন একটি অগ্রসর রাষ্ট্র, যা নিজের ঐতিহ্যকে ধারণ করে ভবিষ্যতের বিজ্ঞান, প্রযুক্তি ও সভ্যতার নির্মাণে সক্রিয় ভূমিকা পালন করবে।

লেখক : কবি, গবেষক

[email protected]