বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন আজ। উত্তাপ, উত্তেজনা কম প্রথম থেকেই। শুরু থেকেই বুঝা যাচ্ছিল, এবারের নির্বাচন হবে নিরুত্তাপ। একটা সময় মনে হচ্ছিল নামমাত্র নির্বাচন হবে। কিছু কিছু ক্ষেত্রে হয়েছেও তাই।
আজ রোববার সকাল ১০টায় মিরপুরে হবে ভোটগ্রহণ।
বিসিবির বেশিভাগ পরিচালক ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। কয়েকটি পদে কেবল নির্বাচন হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর স্টেডিয়ামে ভোটগ্রহণ চলবে।
ফল ঘোষণা করা হবে সন্ধ্যা ৬টায়। এরপর আজই নির্বাচন করা হবে সভাপতি ও সহ-সভাপতি। যেখানে সভাপতি পদে তামিম ইকবাল অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারে বসার দৌড়ে আছেন।
অতীতের মতো এই নির্বাচনের প্রতিটি পদক্ষেপেই আছে সমালোচনার কাঁটা। যেকোনো মূল্যে বিসিবিতে বসার লজ্জাজনক সংস্কৃতি থেকে যেন মুক্তি নেই বাংলাদেশের ক্রিকেটের!
অথচ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের আহ্বায়ক কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছিল একটি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের। অথচ তিনিই কিনা সভাপতি পদপ্রার্থী!
শুধু তাই নয়, আহ্বায়ক কমিটির ১১ সদস্যের সাতজনই নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে এতে গঠনতান্ত্রিক বাধা নেই।
বিসিবিতে মোট ২৫টি পরিচালক পদের ১০টি ইতোমধ্যেই কার্যকরভাবে নির্ধারিত হয়ে গেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটজন পরিচালক নির্বাচিত হয়েছেন ও আর দুজন আসবে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে।
অর্থাৎ আজকের নির্বাচনে ১৫ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। যেখানে ক্যাটাগরি-১ এ কেবল খুলনা ও বরিশাল বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনায় দু’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন।
মুখোমুখি হবেন মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম। অন্যদিকে বরিশালে একটি আসনে লড়বেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।
তবে প্রতিদ্বন্দ্বী কিছুটা হলে তা হবে ক্লাব ক্যাটাগরিতে। যেখানে ১২টি পদের বিপরীতে ১৬ জনের প্রার্থীতা বহাল রয়েছে৷ ৭৬ জন ভোটার এই ১৬ জনের মধ্য থেকে ১২ জনকে নির্বাচিত করবেন।
এখন সেই ১২ জন কারা হন, সেটাই দেখার। তবে এখানে আছে হেভিওয়েট সব সংগঠকেরা। তারা হলেন- তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস), ফাহিম সিনহা (আবাহনী), মাসুদুজ্জামান (মোহামেডান)।
রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু (এক্সিয়ম ক্রিকেটার্স), মীর্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), শানিয়ান তানিম (মেরিনার্স ইয়াংস)।
আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁ ক্রিকেট একাডেমি), সাকিফ আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), আসিফ রাব্বানী (শাইনপুকুর)।
ফায়াজুর রহমান মিতু (উত্তরা ক্রিকেট ক্লাব) অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম (ঢাকা ওয়ান্ডরার্স ক্লাব), মেজর ইমরোজ (কাঠালবাগান ক্রিসেন্ট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)।



