উড়তে থাকা নিউজিল্যান্ডের রানের গতি কমিয়ে আনলো বটে বাংলাদেশ, তবুও চ্যালেঞ্জিং পুঁজিই পেয়েছে কিউইরা। ৬ উইকেটে তুলেছে ১৮২ রান।
চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ সোমবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং করে টাইগাররা।
এই ম্যাচ দিয়ে মূল আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে রিপন মণ্ডলের। তবে শুরুটা ভালো হয়নি, ৪ ওভার বল করে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য তরুণ এই পেসার।
শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশেরও। ১.২ ওভারে ১১ রানে উদ্বোধনী জুটি ভেঙে রান আউট হয়ে রবিনসন (০) ফিরলেও পাওয়ার প্লেতে ৬১ রান যোগ করে কিউইরা।
ক্লার্ক ও ডিন ক্লেভার মিলে বেশ ভুগিয়েছেন টাইগার বোলারদের। ৫০ বলে ৮৮ রানের জুটি গড়েন তারা। দুজনেই তুলে নেন ফিফটি। যদিও এরপর আর ইনিংস বড় হয়নি।
তাদের আর এগোতে দেননি রিশাদ হোসেন। ৯.৪ ওভারে দলীয় ৯৯ রানে ক্লেভারে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ। ২৮ বলে ৫১ করে এলবিডব্লু হয়ে ফেরেন ক্লেভার।
আর পরের ওভারে এসে ৩৭ বলে ৫১ করা ক্লার্ককে তাওহীদ হৃদয়ের ক্যাচ বানান রিশাদ। পরপর দুই থিতু হয়ে যাওয়া ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় কিউইরা।
সেই চাপ ধরে রেখে দ্রুত আরো ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ২ বলে ১ রান করে তানজিম সাকিবের শিকার হন জ্যাকব। শেখ মেহেদী ফেরান ডিন ফক্সক্রফ্টকে (৩)।
১৫ ওভারে ১৩০ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে অধিনায়ক নিক কেলি একপাশ আগলে রান বাড়িয়ে যান। তার ব্যাটেই দেড় শ’ পেরিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস ।
১৮তম ওভারে ২৭ বলে ৩৯ করে শরীফুলের শিকার হন কেলি। শেষদিকে জশ ক্লার্কসন ১৪ বলে যোগ করেন ২৭* রান। অন্যদিকে বল হাতে ৩২ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন।



