চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রত বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে ইনিংস গুছিয়ে আনছে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস মিলে ধরেছেন হাল।
দু’জনের ব্যাটে ইতোমধ্যেই এসেছে ৫০ রানের জুটি। লিটন ৪০ বলে ২৪ ও শান্ত ৪৯ বলে ৩৭ রানে ব্যাট করছেন। বাংলাদেশের সংগ্রহ ২১ ওভার শেষে ৩ উইকেটে ৮৬ রান।
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচেও টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কিউইরা।
তবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি। ইনিংসে দ্বিতীয় বলেই উইকেটকিপার টম ল্যাথামকে ক্যাচ দিয়ে ফিরেন সাইফ হাসান। ২ বল খেলে শূন্য রানে আউট হন তিনি।
আর তৃতীয় ওভারে ও’রুর্কের প্রথম বলেই বোল্ড হন তানজিদ তামিম। ৫ বলে ১ রান করেন তিনি। একটু ওপরে উঠে খেলতে গিয়ে ব্যাটে ঠিকমতো পাননি। বল ব্যাটে লেগে স্টাম্প ভেঙে দেয়।
৩ ওভারে ৯ রানে ২ উইকেট হারানোর পর হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। তবে সৌম্যকেও জ্বলে উঠার আগেই থামিয়ে দেন ও’রুর্ক।
তামিমের মতোই ক্রস করে নিচে খেলতে গিয়ে বল স্টাম্পে টেনে নেন সৌম্য। বোল্ড হয়ে যান ২৬ বলে ১৮ রান নিয়ে। ৮.২ ওভারে ৩২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।



