বাঁ-হাতের আঙুলে স্ক্যান করানোর জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনুরোধে আঙুলে স্ক্যান করানোর জন্য দেশে ফিরে গেছেন সল্ট।
গত ১৮ এপ্রিল ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং ইনিংসে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ-হাতের আঙুলে চোট পান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সল্ট। এরপর আর মাঠে ফিরতে পারেননি তিনি। ওই ম্যাচে ব্যাট হাতে ৩৮ বলে ৬৩ রান করেন সল্ট।
আঙুলের ইনজুরির কারণে আইপিএলে ব্যাঙ্গালুরুর হয়ে সর্বশেষ তিন ম্যাচে খেলতে পারেননি সল্ট। দ্রুত সেরে উঠতে ইংল্যান্ড জাতীয় দলের চিকিৎসকদের পরামর্শ নিতেই দেশে ফিরে গেছেন তিনি। ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন সল্ট।
ইনজুরিতে পড়ার আগে ব্যাঙ্গালুরুর হয়ে ৬ ইনিংসে দু’টি হাফ-সেঞ্চুরিতে ১৬৮.৩৩ স্ট্রাইক রেটে ২০২ রান করেছেন ডান-হাতি ব্যাটার সল্ট।
সল্টের অনুপস্থিতিতে ব্যাঙ্গালুরর হয়ে ইনজুরিতে সর্বশেষ তিন ম্যাচে খেলেছেন আরেক ইংলিশ ব্যাটার জ্যাকব বেথেল। কিন্তু তিন ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪৮ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলা বেথেল। তিন ইনিংসে ৩৯ রান করেন বেথেল।
এখন পর্যন্ত ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে ব্যাঙ্গালুরু। বাসস



