উইকেটটা যে রানের জন্য কঠিন— ম্যাচ শুরুর আগেই বলেছিলেন সিকান্দার রাজা। প্রথম ইনিংসে দেখা গেল সেই কথার প্রতিফলন, বুলাওয়েতে সুবিধা করতে পারেননি ব্যাটাররা।
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে রোববার টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৩ রানে থেমেছে জিম্বাবুয়ে। ডিওন মায়ার্স খেলেন ৫৩ বলে ৭৪ রানের ইনিংস। শেষ ৩ ওভারে ১৬ রানে ৪ উইকেট হারায় তারা।
ব্যাট করতে নেমে মারুমানিকে (৪) দ্বিতীয় ওভারে হারালেও ব্রায়ান বেনেট ও মায়ার্স মিলে ভালো ভিত এনে দেন। দুজনে গড়েন ৫৫ বলে ৭১ রানের জুটি। বেনেট ৩৮ বলে ৪৭ করে সাইফুদ্দিনের শিকার হন।
এরপর একাই দলকে টানেন মায়ার্স। ৩৮ বলে ফিফটি করে এগিয়ে যান সামনের দিকে। তবে তাকে সঙ্গ দিতে পারেনি কেউ। সিকান্দার রাজা ৩, রায়ান বার্ল ৭, ব্রাড ইভান্স ১ রান নিয়ে ফেরেন।
বল হাতে সাইফুদ্দিন ২, শেখ মেহেদী, সাকলায়েন ও রিশাদ হোসেন নেন ১টি করে উইকেট। ৪ ওভারে মাত্র ১৬ রান দেন তাসকিন। তাতেই সিরিজ জয়ের জন্য সহজ লক্ষ্য পায় বাংলাদেশ।



