এবার মাসের সেরা হওয়ার দৌড়ে নাহিদ রানা

নাহিদ গতমাসে কিউইদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের পথে বড় ভূমিকা রাখেন। তিন ম্যাচে ১৬.৭৫ গড় ও ওভারপ্রতি ৪.৪৬ রান দিয়ে সর্বোচ্চ আট উইকেট নেন।

নয়া দিগন্ত অনলাইন
নাহিদ রানা
নাহিদ রানা |ফাইল ছবি

সময়টা যেন নাহিদ রানার। যেন উড়ছেন টাইগার এই পেসার। টানা দুই সিরিজে হয়েছেন সিরিজসেরা, মাতিয়েছেন পিএসএল। র‍্যাঙ্কিংয়েও দিয়েছেন বড় লাফ। এবার তিনি আছেন মাসের সেরা হওয়ার দৌড়ে।

আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’র সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন টাইগার এই পেসার।

এপ্রিলের সেরার লড়াইয়ে নাহিদের প্রতিদ্বন্দ্বী ওমানের জাতিন্দার সিং ও সংযুক্ত আরব আমিরাতের আজায় কুমার। দুজনেই গত মাসে বেশ ভালো পারফর্ম করেছেন।

গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা আজায়, নেপালের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৩ উইকেট নেন। পরের ম্যাচেই ৩৫ রান খরচায় তার শিকার ৬ উইকেট। যা তাকে রেখেছে মাস সেরার দৌড়ে।

অন্যদিকে আইসিসি বিশ্বকাপ লিগ টু তে দারুণ পারফরম্যান্স উপহার দেন জাতিন্দার। গত মাসের পাঁচ ওয়ানডেতে ৫৩.২০ গড় ও ১১৫ স্ট্রাইক রেটে ২৬৬ রান করেন ওমানের অধিনায়ক।

আর নাহিদ গতমাসে কিউইদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের পথে বড় ভূমিকা রাখেন। তিন ম্যাচে ১৬.৭৫ গড় ও ওভারপ্রতি ৪.৪৬ রান দিয়ে সর্বোচ্চ আট উইকেট নেন।

অন্যদিকে মেয়েদের মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, শ্রীলঙ্কার ইমেশা দুলানি ও ব্রাজিলের লরা কার্দোসা।