এক সেশনে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

মিরপুরে দ্বিতীয় দিনের প্রথম সেশনে পাকিস্তানের বিপক্ষে ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান তুলে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ। সব মিলিয়ে ৩৮০ রানে ৭ উইকেটে মধ্যাহ্নবিরতিতে গেছে দল, তবে মুশফিকুর রহিম ৭১ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির আশা জিইয়ে রেখেছেন।

নয়া দিগন্ত অনলাইন
১৭৬ বলে ৭১ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম
১৭৬ বলে ৭১ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম |সংগৃহীত

প্রথম দিনশেষে মুমিনুল হক বলেছিলেন, দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা সামলে দিতে পারলে বড় সংগ্রহ সম্ভব। পাকিস্তানের বিপক্ষে সেই পথেই ছিল বাংলাদেশ। তবে শেষ মুহূর্তে গিয়ে সব এলোমেলো হয়ে গেছে।

আজ শনিবার দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান তুলেছে বাংলাদেশ। সব মিলিয়ে মিরপুরে ৭ উইকেটে ৩৮০ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে গেছে টাইগাররা।

৪ উইকেটে ৩০১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাস খেলছিলেন দেখেশুনেই। ১১ ওভার সামলেও নেন শাহিন আফ্রিদি-আব্বাসদের।

তবে জুটি ৫০ পেরোতেই ভুল করে বসেন লিটন। আব্বাসের বলে আমাদ বাটকে ক্যাচ অনুশীলন করিয়ে ফেরেন ৬৭ বলে ৩৩ রান করে। এরপর দ্রুত ফেরেন মেহেদী মিরাজ ও তাইজুল ইসলামও।

লিটনের মতো মিরাজ (১০) ও তাইজুলকে (১৭) ফেরান আব্বাস। ৩৭৮ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। তবে এখনো আশা হয়ে টিকে আছেন মুশফিকুর রহিম। হাঁটছেন সেঞ্চুরির পথে।

১৭৬ বলে ৭১ রানে অপরাজিত আছেন মুশফিক। শতক করতে পারলে পাবেন দারুণ এক অনুভূতি। কেননা আজ তার ৩৯তম জন্মদিন।