নাহিদের গতি মুগ্ধতা যেন কাটছেই না। দুইদিন আগে যে ঝড় তিনি তুলেছিলেন মিরপুরে, তার রেশ এখন পৌঁছেছে চট্টগ্রামেও।
চট্টগ্রামে আগামীকাল (বৃহস্পতিবার) সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের আগে আজ বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন তাই হয়ে গেল নাহিদময়। নাহিদকে নিয়ে একের পর এক প্রশ্ন শুনতে হলো শন টেইটকে।
জাতীয় দলের এই পেস বোলিং কোচও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নাহিদ রানার। টেইট বলেন, ‘আধুনিক ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টিতে ফাস্ট বোলারদের মাঝে অনেক ধরনের বৈচিত্র্যময় বল করার একটা প্রবণতা দেখা যায়।’
‘নাহিদের সাথে কথা বলে আমার মনে হয়েছে, সে বুদ্ধিমান ছেলে। তাই এই মুহূর্তে ব্যাপারটাকে খুব বেশি জটিল না করে আমি মনে করি, সে যেভাবে বল করছে এবং তার জন্য যা কাজে দিচ্ছে, সেটাই সবচেয়ে ভালো।’
তার চোখে, বাংলাদেশ ক্রিকেটের জন্য নাহিদ এক মূল্যবান সম্পদ। তরুণ এই পেসারকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেটিও স্পষ্টভাবে অনুভব করছেন তিনি। নিজের খেলোয়াড়ি জীবনে টেইটও ছিলেন ভয়ঙ্কর গতির বোলার। জানালেন, তাই নাহিদকে দেখে পুরোনো দিনের স্মৃতি ভেসে ওঠে তার।
টেইট বলেন, ‘অনেক মিল আছে, কিন্তু কিছু পার্থক্যও আছে। সে খুব ফিট, আমি এতটা ছিলাম না। আরো ভারী শরীর ছিল, জোরে বল করা কঠিন ছিল। কিন্তু তাকে দেখে মনে হয়, কাজটা খুব সহজ, সে খুব ভালো অ্যাথলেট। খুবই পাতলা আর শক্তিশালী। আমার চেয়ে তার চোটে পড়ার ঝুঁকি কম।’
নাহিদকে দেখে অবশ্য ভিন্ন একজনকে মনেও পড়ে টেইটের, ‘গত ম্যাচে নাহিদের যেটা সবচেয়ে ভালো লেগেছে, সেটা ইয়র্কার। আমাকে ওয়াকার ইউনিসের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল রানা। ফাস্ট বোলার আসবে, টপ অর্ডারে উইকেট নেবে, লেজের ব্যাটসম্যানদেরও ফিরিয়ে দেবে। আমি এটা পছন্দ করি ব্যক্তিগতভাবে।’
পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি ওয়াকার ইউনুস। দীর্ঘ ক্যারিয়ারে নিয়েছেন ৭ শ’র বেশি উইকেট। সেই মহারথীকে দিয়েই এবার নাহিদ রানার তুলনা টানলেন শন টেইট।



