যে কারণে বাংলাদেশ সিরিজে বাদ বাবর

‘তার সাথে বেশ তর্কাতর্কি হয়েছে আমার। আলিমও এ নিয়ে কথা বলেছিল। তবে বাকি নির্বাচকরা চুপচাপ বসেছিলেন। হেসনের সিদ্ধান্তে আপত্তি করেননি।’

নয়া দিগন্ত অনলাইন
বাবর আজম
বাবর আজম |ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বলার মতো খেলতে পারেননি পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। ফলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে তাকে বাদ দেয়া হয়েছে। মনে করা হচ্ছে, বাবরের ক্রিকেটক্যারিয়ারই প্রশ্নের মুখে। তবে এমন শঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের কোচ মাইক হেসন।

বাবর যে বাদ পড়েছেন, এই কথাটাই স্বীকার করতে চাননি হেসন। তার মতে, সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেয়া হয়েছে, যাতে জুনিয়রদের সুযোগ করে দেয়া যায়। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

হেসন বলেছেন, কেউ বাদ গেছে এ কথা বলতে রাজি নই। প্রতিভাবান ক্রিকেটাররা যাতে নিজেদের মেলে ধরতে পারে, তার জন্য আগামী সিরিজটা তাদের কাছে একটা সুযোগ।

কেন তরুণদের সুযোগ দেয়া হয়েছে সে প্রসঙ্গে হেসন বলেন, টি-টোয়েন্টিতে অসাধারণ খেলার জন্যই ওয়ানডে দলে নেয়া হয়েছে সাহিবজাদা ফারহানকে। এ ছাড়া শামিল হুসেন বা মাআজ সাদাকাতের মতো খেলোয়াড় ঘরোয়া ক্রিকেট বা জুনিয়র দলের হয়ে খুব ভালো খেলেছে। পাশাপাশি পরের সিরিজটা সহজ নয়। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলছে। তাই এই সিরিজ জুনিয়র ক্রিকেটারদের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।

এ দিকে, জাতীয় নির্বাচক এবং কিছু ক্রিকেটারের সাথে হেসনের দ্বন্দ্ব লেগেছে বলে জানা গেছে। পাকিস্তানের সাবেক বোলার সিকান্দর বখ্‌ত সম্প্রতি একটি অনুষ্ঠানে জানিয়েছেন, বিশ্বকাপের সব ক্রিকেটারকে বেছে নিয়েছেন শুধু হেসনই। পিসিবি চেয়ারম্যানের উপদেষ্টা পদে কর্মরত সিকন্দরের সাথে হেসনের নাকি ঝামেলাও হয়েছে। নির্বাচক আলিম দারও খুশি ছিলেন না।

সিকান্দর বলেছেন, তার সাথে বেশ তর্কাতর্কি হয়েছে আমার। আলিমও এ নিয়ে কথা বলেছিল। তবে বাকি নির্বাচকরা চুপচাপ বসেছিলেন। হেসনের সিদ্ধান্তে আপত্তি করেননি।