পাকিস্তানকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে উন্নতি শান্ত-তাইজুলদের

বোলিং র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পাকিস্তানের দুই ইনিংসেই দুটি করে উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন।

নয়া দিগন্ত অনলাইন
তাইজুল ইসলাম পাকিস্তানের দুই ইনিংসেই দুটি করে উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন
তাইজুল ইসলাম পাকিস্তানের দুই ইনিংসেই দুটি করে উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন |সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তান বধের আনন্দের রেশ আরো বাড়িয়ে দিলো আইসিসি। টাইগার ক্রিকেটারদের বড় পুরস্কার দিলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের।

বুধবার দুপুরে পুরুষ ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বড় লাফ দিয়েছেন একাধিক বাংলাদেশী ক্রিকেটার।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের দাপুটে জয়ে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংস সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসে খেলেন গুরুত্বপূর্ণ ৮৭ রানের ইনিংস।

দারুণ পারফর্ম করে হয়েছেন ম্যাচসেরাও। পুরস্কার হিসেবে আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন তিনি। যৌথভাবে ২৩তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক।

এটিই বাঁহাতি ব্যাটারের ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং। তার রেটিং হলো ৬৪৯। এ ছাড়া ব্যাটারদের তালিকায় ২ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন মুশফিকুর রহিম। আছেন ২৬তম স্থানেই।

অন্যদিকে দুই ইনিংসেই ফিফটি করে ১২ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন মুমিনুল হক। তবে পিছিয়েছেন লিটন দাস ও সাদমান। লিটন ৬ ধাপ পিছিয়ে ৩৮ ও সাদমান ৪ ধাপ পিছিয়ে আছেন ৫৮ নম্বরে।

বোলিং র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পাকিস্তানের দুই ইনিংসেই দুটি করে উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন।

আর দীর্ঘদিন পর টেস্টে ফেরা পেসার তাসকিন আহমেদ চার উইকেট শিকার করে আবারো র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন; বর্তমানে তার অবস্থান ৪৮তম।

আর সময়ের সবচেয়ে আলোচিত নাম নাহিদ রানাও দিয়েছেন বড় লাফ। পাঁচ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠেছেন এই ডানহাতি পেসার। তবে প্রথম ইনিংসে ফাইফারসহ ম্যাচে ছয় উইকেট নিলেও অপরিবর্তিত রয়েছে মেহেদী মিরাজের অবস্থান (২৭তম)।