নিউজিল্যান্ড সিরিজ যতটা সহজ হবে ভেবেছিল বাংলাদেশ, ততটা সহজ হচ্ছে না। প্রথম ম্যাচেই বাংলাদেশের ভুল ধরিয়ে দিয়েছে কিউইরা। দিয়েছে নিজেদের শক্তির জানান।
নিয়মিত ওয়ানডে দলের ১৫-১৬ জনকে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে কিউইরা, দলটির মাত্র তিনজনের আছে বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা।
অথচ এই দল নিয়েই প্রথম ম্যাচে স্বাগতিকদের মোকাবেলা করেছে নিউজিল্যান্ড। অবশ্য এখানে যতটা না ছিল তাদের সাফল্য, তার চেয়ে বেশি ছিল টাইগারদের ভুল।
ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে যাচ্ছেতাই ব্যাটিং করেছে দল। যেখানে ২৫ ওভারে ৩ উইকেটে ১২৪ রান তুলেও ২৪৮ রানের লক্ষ্য তাড়ায় ২২১ রানে গুটিয়ে যায় টাইগাররা। হেরে যায় ২৬ রানে।
প্রথম ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ানোর বার্তা দেয়া ছাড়া আর কিইবা করতে পারে দল। আগামীকাল (সোমবার) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হওয়ার আগে সেই বার্তাই দিলেন শরিফুল।
প্রথম ম্যাচে দারুণ বোলিং করেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের মতে, বাকি দুই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ। রোববার সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন-
‘আমাদের আত্মবিশ্বাস আছে কামব্যাক করব ইনশাআল্লাহ। সেরা ক্রিকেটটা আমরা প্রথম ম্যাচে খেলতে পারিনি। সেরা ক্রিকেটটা খেললে ইনশাআল্লাহ কামব্যাক করতে পারব, সিরিজও জিততে পারব।’
শরিফুলের বিশ্বাস, প্রথম ম্যাচের ভুল আর পরেরটিতে করবে না বাংলাদেশ। ‘একটা ম্যাচে আমরা হয়তো ভুল করেছি। পরের ম্যাচে ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াব। এটা তো গোল বলের খেলা, যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে।’
তবে নিউজিল্যান্ডের এই দ্বিতীয় সারির দলকে হালকাভাবে না নেয়ার অনুরোধ করে এই পেসার বলেন- ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দ্বিতীয় সারির দল বা এই সব কিছু হয় না। ঘরোয়া ক্রিকেটে ভালো করেই তারা আন্তর্জাতিক দলে এসেছে।’
দেখা যাক শরিফুল ও তার দল কতটা কথা রাখতে পারেন। কথা রাখার মিশনে আগামীকাল বেলা ১১টায় মিরপুরে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।



