ফাইনালের আগে হঠাৎ দলের হোটেল পরিবর্তন করেছে বিসিসিআই। যদিও কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চান না, তবে জানা গেছে এর পেছনে আছে ‘অশুভ’ ভাবনা।
রোববার (৮ মার্চ) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।
শিরোপা ধরে রাখতে কোনো প্রকার ছাড় দিতে নারাজ ভারত দল, কোনো ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। সম্ভাব্য সব বিপদ কাটিয়ে উঠতে পরিবর্তন করেছে হোটেল।
মেন ইন ব্লুদের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের সম্ভাবনা বাড়াতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। যেখানে জ্যোতিষ বা সৌভাগ্যের বিষয়টিও বাড়তি গুরুত্ব পাচ্ছে।
ভারত দল যে শহরেই খেলতে গিয়েছে, সেখানকার ধর্মীয় স্থানে গিয়ে আশীর্বাদ নিয়েছেন বিসিসিআইয়ের কর্তাব্যক্তিরা। দেখা করেছেন ধর্মগুরুদের সাথে। এমনকি সেমিফাইনালের আগে মুম্বাইয়ে ভারতীয় দলের অনুশীলন সেশন ৪৫ মিনিট পিছিয়ে দেয়া হয়েছিল, যাতে চন্দ্রগ্রহণের ‘অশুভ প্রভাব’ এড়িয়ে যাওয়া যায়।
আহমেদাবাদে আগের হোটেলে থাকার সময় ভারত দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচে হেরেছিল, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ও চলতি টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটের ম্যাচ।
তাই দূর্ভাগ্য এড়াতেই এবার ভারত দলের হোটেল পরিবর্তনের এই উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে এনডিটিভি।


