অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা

লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দলে পরিবর্তন এসেছে সহ-অধিনায়কত্বে। নিজ থেকে দায়িত্ব ছেড়েছেন সাইফ হাসান। তাই এখন থেকে টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ টি-২০ দল
বাংলাদেশ টি-২০ দল |ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্রাম শেষে এক সিরিজ পরই আবার টি-টোয়েন্টি দলে ফিরেছেন বাংলাদেশের নিয়মিত পেসাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সামনের টি-টোয়েন্টি সিরিজের দলে নেয়া হয়েছে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, তিন পেসারের অন্তর্ভুক্তিতে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আর চোটের কারণে দলে নেই রিপন মন্ডল ও তানজিম হাসান সাকিব।

এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথমবার ডাক পাওয়া আব্দুল গাফফার সাকলাইনকে এবারো স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা। সামনের সিরিজে তার আন্তর্জাতিক অভিষেকও হয়ে যেতে পারে।

লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দলে পরিবর্তন এসেছে সহ-অধিনায়কত্বে। নিজ থেকে দায়িত্ব ছেড়েছেন সাইফ হাসান। তাই এখন থেকে টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়।

চট্টগ্রামে আগামী ১৭, ১৯ ও ২১ জুন হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, আব্দুল গাফ্ফার সাকলাইন।