বাংলাদেশ সফরে পাকিস্তান দলে ৪ নতুন মুখ

নতুন চারজনের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে ঘোরির। গত মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অভিষেক হয়েছিল তার।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান টেস্ট দল
পাকিস্তান টেস্ট দল |ইন্টারনেট

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রথমবারের মত পাকিস্তান টেস্ট দলে ডাক পেয়েছেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান এওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি।

নতুন চারজনের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে ঘোরির। গত মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অভিষেক হয়েছিল তার।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে ওপেনার ফজল ও আজানের। ২৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৪ সেঞ্চুরি ও ১০ হাফ-সেঞ্চুরিতে ১৮২৮ রান করেছেন ফজল। গড় ৪১.৫৪।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাট হাতে দারুণ পারফরমেন্সে করেছেন আজানও। ১০টি শতক ও ৯টি অর্ধশতকে ৩৩ ম্যাচে ৪৮.৬০ গড়ে ২৬৭৩ রান করেছেন তিনি।

বিকল্প উইকেটরক্ষক হিসেবে দলে নেয়া হয়েছে ব্যাটার ঘোরিকে। ২৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩ সেঞ্চুরিতে ৪১.২৬ গড়ে ১৬৯২ রান করেছেন তিনি।

আরেক নতুন মুখ পেস বোলিং অলরাউন্ডার বাট ৬৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ২০৫ উইকেট শিকার করেছেন। ব্যাট হাতে একটি সেঞ্চুরির পাশাপাশি ১০ হাফ-সেঞ্চুরিতে ২১১৪ রান করেছেন বাট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন আব্দুল্লাহ শফিক, আসিফ আলি, আবরার আহমেদ, কামরান গুলাম ও রোহাইল নাজির।

দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার মোহাম্মাদ আব্বাস। সর্বশেষ গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলেন তিনি।

বালাদেশ সফরে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন শান মাসুদ। এই সফর দিয়ে পাকিস্তানের নতুন কোচের দায়িত্ব পালন শুরু করবেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।

৮ মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ ও পাকিস্তান। ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল। এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

পাকিস্তান টেস্ট দল : শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান এওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

সূত্র : বাসস