অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ মাঠে গড়ানোর আগেই আলোচনায় ছিল চেরি ব্রান্ডের একটি গাড়ি। ৩৫ লাখ টাকা মূল্যের যে গাড়িটি জিতে নিয়েছেন তাওহীদ হৃদয়।
শ্বাসরুদ্ধকর লড়াই দিয়ে শেষ হলো অস্ট্রেলিয়া-বাংলাদেশ ওয়ানডে সিরিজ। টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে ১ উইকেটের রোমাঞ্চকর জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার কুপার কনোলি।
ওপেনিংয়ে নেমে ৪৯তম ওভারে আউট হওয়ার আগে ১৩৪ বলে ১৪৯ রান করেন কোনোলি। সব মিলিয়ে ১৮৪ রান নিয়ে সিরিজে সর্বোচ্চ রানের পুরস্কারও জিতেছেন তিনি।
এই সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন দু’জন— মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। সেরা ব্যাটার ও বোলারকে দেয়া হয়েছে বাইক। কনোলি অবশ্য তার বাইকটা দিয়ে দেন লিটন দাসকে।
এদিকে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চার বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক হোসেন। সিরিজে ২ ফিফটিতে তার ব্যাট থেকে এসেছে ১৫৭ রান। বল হাতেও নিয়েছেন ২ উইকেট।
আর বাংলাদেশের হয়ে সিরিজের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়। তাই তার হাতেই উঠেছে চেরি ব্র্যান্ডের একটি গাড়ির চাবি।
৩ ম্যাচে ৭৭ গড়ে হৃদয় করেছেন ১৫৪ রান। সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেছেন আজ সিরিজের শেষ ম্যাচে।



