জয়ের রেশ না কাটতেই দুঃসংবাদ পেল বাংলাদেশ

মাঠের আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে শাস্তি নির্ধারণ করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। দায় স্বীকার করে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ দল
বাংলাদেশ দল |ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ের রেশ না কাটতেই দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। স্লো ওভাররেটের কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে পুরো দলকে।

ম্যাচ শেষ হওয়ার প্রায় ৪২ ঘণ্টা পর আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির খবর জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবারের ম্যাচে মাত্র ৪৮.৪ ওভারে নিউজিল্যান্ডকে ১৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

কিন্তু এই ওভার করতে তাদের লেগে যায় প্রায় ৪ ঘণ্টা ২০ মিনিট। হিসেব নিকেশ করে জানা যায়- নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ।

এমনকি ম্যাচ চলাকালেই ৪৬ ওভারের পর স্লো ওভার রেটের পেনাল্টি দেয়া হয় বাংলাদেশকে। যে কারণে বাকি সময় বৃত্তের ভেতরে একজন ফিল্ডার বেশি রাখতে হয় তাদের।

এ ছাড়া নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের জন্য ৫ শতাংশ করে মোট ১০ শতাংশ জরিমানা করা হয় অধিনায়ক মেহেদী মিরাজসহ দলের সব ক্রিকেটারকে।

মাঠের আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে শাস্তি নির্ধারণ করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। দায় স্বীকার করে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

সেই ম্যাচে অবশ্য ৮৭ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। দারুণ বোলিং করে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাহিদ রানা। এই জয়ে সিরিজে এখন ১-১ সমতা।

ফলে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে (২৩ এপ্রিল) ম্যাচে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।