নাহিদ রানার ৫ উইকেট, লন্ডভন্ড পাকিস্তান

ওয়ানডেতে এটি তার প্রথমবারের মতো ৫ উইকেট শিকার, সব মিলিয়ে দ্বিতীয়বার। টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সাথে একবার ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
নাহিদ রানা একাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের টপঅর্ডার
নাহিদ রানা একাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের টপঅর্ডার |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

নাহিদ রানা ঝড়ে লন্ডভন্ড পাকিস্তান শিবির। রঙিন পোশাকে প্রথমবারের মতো ৫ উইকেট তুলে নিয়েছেন এই পেসার। তার গতির তোপে রীতিমতো কাঁপছে সফরকারীরা।

নাহিদ রানার এমন বিধ্বংসী বোলিংয়ে ভেঙে গেছে পাকিস্তানের ইনিংসের মেরুদণ্ড, বেরিয়ে এসেছে লেঁজ। ২০ ওভারে মাত্র ৭০ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে তারা।

আজ বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুরে টসে হেরে যেখানে আগে ব্যাট করছে ম্যান ইন গ্রিনরা।

শুরুতে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে দেখেশুনেই খেলতে থাকেন পাকিস্তানের দুই অভিষিক্ত ওপেনার মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহান।

দুজনে পার করেন ৯টি ওভার। তবে ১০ম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে এই জুটি ভাঙেন নাহিদ। ওভারের শেষ বলে পয়েন্টে আফিফ হোসেনকে ক্যাচ দেন ফারহান।

৪১ রানের জুটি ভেঙে ফারহান ফেরেন ৩৮ বলে ২৭ করে। পরের ওভারে এসে আবারো আঘাত আনেন নাহিদ। এবার তার শিকার তিনে নামা অভিষিক্ত শামিল হোসেন।

৭ বলে ৪ রান করে উইকেট কিপারকে ক্যাচ দিয়ে ফেরেন শামিল। ৪৭ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। এখানেই শেষ নয়, নিজের তৃতীয় ওভারে এসেও উইকেট পান নাহিদ।

১৪তম ওভারে সাদাকাত ক্যাচ দিয়ে ফেরেন ২৮ বলে ১৮ রান করে। চমক অব্যাহত থাকে পরের ওভারেও, ২০ বলে ১০ রান করা মোহাম্মদ রিজওয়ানকেও ফেরান তিনি।

১৭ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৬৪। ১৯তম ওভারে ফিরে এসে আবারো উদযাপনের উপলক্ষ এনে দেন নাহিদ রানা, ফেরান সালমান আগাকে (৫)।

তাতেই গড়েন ৫ উইকেট শিকারের কীর্তি। ওয়ানডেতে যা তার প্রথমবারের মতো ৫ উইকেট শিকার, সব মিলিয়ে দ্বিতীয়বার। টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সাথে একবার ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

পরপর ৫ ওভারে এসে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের অনুকূলে নিয়ে আসেন নাহিদ রানা। ৬ষ্ঠ উইকেট আসতেও দেরি হয়নি, ২০তম ওভারে আব্দুল সামাদকে ফেরান মেহেদী মিরাজ।