পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট মিরপুর ও সিলেটে

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, দুই টেস্টের তারিখে কোনো পরিবর্তন হয়নি। দুই টেস্টে ভেন্যু হিসেবে মিরপুর ও সিলেটকে বেছে নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট হবে মিরপুর ও সিলেটে
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট হবে মিরপুর ও সিলেটে |সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩ মে ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। ২ মে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করবে বাংলাদেশ।

পূর্বের ঘোষণা অনুযায়ী ৪ মে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান দলের। গতরাতে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, ৩ মে ঢাকায় আসবে পাকিস্তান।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, দুই টেস্টের তারিখে কোনো পরিবর্তন হয়নি। দুই টেস্টে ভেন্যু হিসেবে মিরপুর ও সিলেটকে বেছে নেয়া হয়েছে।

৮ মে থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করবে পাকিস্তান ও বাংলাদেশ। সিরিজের দু’টি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

গেল মাসেই বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গেছে পাকিস্তান। আসন্ন সফরে টেস্টের সাথে টি-টোয়েন্টিও ছিল। তবে টি-টোয়েন্টি সিরিজ বাদ পড়েছে।

২০২১ সালে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টেস্ট খেলেছিল পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল তারা।

২০২৪ সালে সর্বশেষ টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। টেস্ট দু’টি যথাক্রমে ১০ উইকেটে ও ৬ উইকেটে জিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ নেয় বাংলাদেশ।

সূত্র : বাসস