র‍্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার, এগিয়েছেন তানজিদ তামিমও

এ ছাড়া ৫ ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই সবার ওপরে।

নয়া দিগন্ত অনলাইন
নাহিদ রানা
নাহিদ রানা |ফাইল ছবি

গত ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটারদের জন্য রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছিলেন নাহিদ রানা। ১০ ওভার বোলিং করে ৩২ রান খরচায় নেন ৫ উইকেট। জেতেন ম্যাচ সেরার পুরস্কারও।

এবার বিধ্বংসী এই বোলিংয়ের পুরস্কার পেলেন আইসিসি থেকেও। র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তরুণ এই পেসার। র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তানজিদ তামিম, রিশাদ হোসেনেরও।

যথারীতি বুধবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে ৩২ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠে এসেছেন নাহিদ রানা। যা তার ক্যারিয়ার সেরা অবস্থান।

এদিকে প্রায় ১৬ মাস পর ওয়ানডে খেলা শরিফুল ইসলাম আবার র‍্যাঙ্কিংয়ে ফিরেছেন। বাঁহাতি এই পেসারের বর্তমান অবস্থান ৩৯তম।

চোটের কারণে প্রথম দুই ম্যাচ না খেলায় ধাক্কা লেগেছে মোস্তাফিজুর রহমানের র‍্যাঙ্কিংয়ে। বাঁহাতি এই পেসার ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫৫ নম্বরে।

এ ছাড়া ১০ ধাপ এগিয়ে ৫৮ নম্বরে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আর জাতীয় দলের অধিনায়ক মেহেদী মিরাজ এখন ২ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৮ নম্বরে।

শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জ্বলে ওঠেন তানজিদ তামিম। ৭৬ রানের ইনিংসে দলকে জয়ের ভিত গড়ে দেন তিনি। পুরস্কার হিসেবে ১৪ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ে ৪০ নম্বরে উঠে এসেছেন তিনি।

দ্বিতীয় ম্যাচে ফিফটি করা নাজমুল হোসেন শান্ত এক ধাপ এগিয়ে আছেন ৪৩ নম্বরে। প্রথম ওয়ানডেতে ৫৭ রান করা সাইফ হাসান ১৫ ধাপ এগিয়ে এখন ৮৯ নম্বরে।

এ ছাড়া ৫ ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই সবার ওপরে।