অধিনায়কত্ব পাওয়ার পর থেকে বেশ চাপে ছিলেন মেহেদী মিরাজ। শুরুর দিকে সাফল্য না আসায় শুনতে হয় কড়া সমালোচনাও। তবে এসবের জবাব মুখে নয়, মাঠেই দিচ্ছেন ওয়ানডে অধিনায়ক।
ধীরে ধীরে তার অধীনে সাফল্য পাওয়া শুরু করেছে বাংলাদেশ দল। দেখাতে শুরু করেছে বড় স্বপ্ন। ওয়ানডেতে টানা তিন সিরিজ জয় তো সেটাই প্রমাণ করে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় দিয়ে শুরু। এরপর পাকিস্তান বধ। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয়। যা অধিনায়ক হিসেবে বড় অর্জন মিরাজের।
তবে সব কৃতিত্ব দলকেই দিচ্ছেন ওয়ানডে কাপ্তান। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে মিরাজ বলেন, ‘অবশ্যই, ভালো লাগছে। টানা তিনটা সিরিজ জিতেছি। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে বাংলাদেশ জিতছে এটাই অনেক বড় অর্জন।’
তিনি আরো বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি যেটা চিন্তা করেছি অনেক সময় আমরা অনেক টুর্নামেন্ট খেলতে যাই। নক আউট যে খেলাগুলো হয়, হারলেই বাদ-মানসিকভাবে জিনিসটাকে আমি ওইভাবে নিয়েছি।’
মিরাজ যোগ করেন, ‘যেহেতু প্রথম ম্যাচ হেরে গেছি, দ্বিতীয় ম্যাচ যদি হেরে যাই সিরিজ হেরে যাব। এটা আমাদের জন্য একটা সুযোগ, যদি জিততে পারি হয়ত আরেকটা সুযোগ পাব। আমি ওইভাবে চিন্তা করেছি।’
দীর্ঘদিন ধরে ওয়ানডেতে ফিফটি করতে পারছিলেন না লিটন। অবশেষে সেই খরা কেটেছে তার। চোট কাটিয়ে দলে ফিরেই ৫ উইকেট নিয়ে বড় অবদান রেখেছেন মোস্তাফিজুর রহমান।
নাজমুল হোসেন শান্ত তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। তাদের নিয়ে মিরাজ বলেন, ‘সবাই অনেক অভিজ্ঞ খেলোয়াড়, বাংলাদেশের জন্য অনেক দিন ধরে খেলছে। আমার কাছে মনে হয় সেটাই সঠিক সময় পারফরম্যান্সটা ভালোভাবে শো করার। তাতে দিন শেষে দলের ভালো ফলাফল হবে।’



