নাহিদ রানায় কাঁপছে পাকিস্তান

এখন সালমান আগার সাথে ক্রিজে আছেন ‍হুসেইন তালাত। আর পাকিস্তানের সংগ্রহ ১৬ ওভার শেষে ৪ উইকেটে ৬৫।

নয়া দিগন্ত অনলাইন
নাহিদ রানা একাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের টপঅর্ডার
নাহিদ রানা একাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের টপঅর্ডার |সংগৃহীত

নাহিদ রানায় কাঁপছে পাকিস্তান। দারুণ বোলিং করছেন এই পেসার, পরপর তুলে নিয়েছেন ৪ উইকেট। সফরকারীদের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন তিনি।

আজ বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুরে টসে হেরে যেখানে আগে ব্যাট করছে ম্যান ইন গ্রিনরা।

শুরুতে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে দেখেশুনেই খেলতে থাকেন সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। তবে ১০ম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে এই জুটি ভাঙেন নাহিদ।

ওভারের শেষ বলে পয়েন্টে আফিফ হোসেনকে ক্যাচ দেন ফারহান। ৪১ রানের জুটি ভেঙে ফেরেন ৩৮ বলে ২৭ করে। পরের ওভারে এসে আবারো আঘাত আনেন নাহিদ।

এবার তার শিকার তিনে নামা অভিষিক্ত শামিল হোসেন। ৭ বলে ৪ রান করে উইকেট কিপারকে ক্যাচ দিয়ে ফেরেন শামিল। ৪৭ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।

এখানেই শেষ নয়, নিজের তৃতীয় ওভারে এসেও উইকেট পান নাহিদ। ১৪তম ওভারে চতুর্থ বলে মাআজ সাদাকাত সাইফকে ক্যাচ দিয়ে ফেরেন ২৮ বলে ১৮ রান করে।

পাঁচে নেমেছেন সালমান আগা। সাথে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। নিজের চতুর্থ ওভারে এসে রিজওয়ানকেও ফেরান নাহিদ রানা। লিটন দাসকে ক্যাচ দিয়ে ২০ বলে ১০ রান করে ফেরেন তিনি।

এখন সালমান আগার সাথে ক্রিজে আছেন ‍হুসেইন তালাত। আর পাকিস্তানের সংগ্রহ ১৬ ওভার শেষে ৪ উইকেটে ৬৫।