সাইফউদ্দিন

আইপিএল অভিজ্ঞতার কারণে অস্ট্রেলিয়া সিরিজ চ্যালেঞ্জিং হতে পারে

‘আমরা অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। চেষ্টা করব পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে।’

নয়া দিগন্ত অনলাইন
লরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন
লরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন |ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কারণে উপমহাদেশের কন্ডিশনের সাথে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। যে কারণে আগামী মাসে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া কঠিন চ্যালেঞ্জ ছুঁড় দিতে পারে বলে মনে করেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

২০২১ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া।

ঐ সফরের পর আগামী মাসে আবারো বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। এবার তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা।

সাইফউদ্দিন মনে করেন, আইপিএলে নিয়মিত অংশ নেয়ায় বাংলাদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সুবিধা হবে অস্ট্রেলিয়ানদের।

সাইফউদ্দিন বলেন, ‘অবশ্যই অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। যেহেতু তাদের বেশিরভাগ খেলোয়াড় আইপিএল খেলে, তাই আমাদের কন্ডিশনের সাথে তারা পরিচিত। এটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে।’

সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘আমরা ঘরের মাঠে আগের সিরিজগুলোতে দল হিসেবে খুব ভালো খেলেছি। ঘরের মাঠে সর্বশেষ নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছি।’

অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জের জন্য বাংলাদেশ দল প্রস্তুত বলে জানান সাইফউদ্দিন। তিনি বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। চেষ্টা করব পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে।’

আগামী ৯ জুন থেকে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরপর চট্টগ্রামে ১৭ জুন থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে দু’দল।